সোমবার কলকাতায় (Kolkata Film Shooting) ছবির শেষ শুটিং ছিল। সেদিনও অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে। পরিচালক জানিয়েছেন, 'ফ্লোরে এসে মেকআপ করতে আপত্তি জানান অভিনেতা।

জীতু কামাল
শেষ আপডেট: 17 March 2026 14:18
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে টলিউড অভিনেতা জীতু কামাল (Jeetu Kamal)। অশোভন, অপেশাদার আচরণের অভিযোগে বাতিল পড়লেন নতুন ছবি ‘এরাও মানুষ দ্য সার্চ উইদিন’ (Erao Manush – The Search Within) থেকে।
ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ী (Sai Prakash Lahiri) অভিযোগ করেছেন, 'শুটিংয়ের প্রথম দিন থেকেই জীতুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছিল। স্পট বয় থেকে শুরু করে ফ্লোরে অনেকের সঙ্গেই খারাপ আচরণ করেছিলেন তিনি।'
জীতুর শুটিংয়ের শেষ দুটি দিন বাকি ছিল। কিন্তু তার মধ্যেই তিনি ছবির নির্মাতাদের জানান, দু'দিন মায়ের সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখবেন, ফলে সেই কারণে ১০ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। তবে পরিচালক দাবি করেছেন, এটা কোথাও চুক্তিতে লেখা নেই।
এমনকি এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে অভিনেতা নাকি এও বলেছেন যে, 'কাউকে দিয়ে ফোন করালে করাতে পারে, এক ঘণ্টা বেশি কাজের জন্য একদিনের পারিশ্রমিক নেব।' এই প্রস্তাবে রাজি না হওয়ায় জীতুকে ছাড়তে বাধ্য হয় নির্মাতারা। কারণ তাঁদের কথায়, 'এক ঘণ্টার জন্য দেড় লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। তবে সেদিনের পুরো শুটিংটাই ভেস্তে গেছে।'
সোমবার কলকাতায় (Kolkata Film Shooting) ছবির শেষ শুটিং ছিল। সেদিনও অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে। পরিচালক জানিয়েছেন, 'ফ্লোরে এসে মেকআপ করতে আপত্তি জানান অভিনেতা। তাঁর দাবি ছিল, শ্রাবন্তী না এলে তিনি মেকআপ করতে যাবেন না। এদিকে মেকআপ আর্টিস্ট ছিল একজনই। ফলে পরে সমস্যা যাতে না হয় সেজন্য বারবার জীতুকে রেডি হয়ে থাকার কথা বলা হলেও নানা অছিলায় তিনি এড়িয়ে যান।'
এরপর সকলে মিলে তাঁর ভ্যানে কথা বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জীতুকে শুটিং শুরু করার কথা বলেন। তারপরই হঠাৎ 'পায়ে হাত দিয়ে ক্ষমা' চাওয়ার শর্ত রাখেন অভিনেতা। কেউ কিছু বুঝে ওঠার আগেই নাকি নিজেই সেট থেকে বেরিয়ে জানা জীতু কামাল।
এই নাটকীয় পরিস্থিতির পরই জীতুকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। তাঁর চুক্তি বাতিল করে নির্মাতারা। ছবির প্রচারের জন্য ১৫টি তারিখ নেওয়া ছিল, সোশ্যাল মিডিয়া পোস্টের চুক্তি ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
ইতিমধ্যেই জীতুকে এই সিনেমার জন্য ১২ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। ডাবিংয়ের বাকি ছিল ১ লক্ষ ২০ টাকা। টার্মিনেশন মেইলে রিফান্ডের কথাও উল্লেখ করা হয়েছে।
এই গোটা ঘটনায় বেশ বিরক্ত হয়েছে ছবির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিনিও গোটা টিমের সঙ্গেই আছেন বলে আশ্বস্ত করেছেন। অন্যান্য অভিনেতা, এমনকি পরিচালক, প্রযোজকদের সঙ্গেও দুর্ব্যবহার, কুকথা বলার অভিযোগ রয়েছে জীতুর বিরুদ্ধে।
ছবির শুটিং গত বছর শুরু হয়। ঠিক ছিল গত অক্টোবরেই তা শেষ হবে। কিন্তু তা হয়নি, জীতুর টালবাহানার কারণেই মার্চে তা শেষ করা গিয়েছে বলে দাবি প্রযোজক এবং সুরকার বালাসাই লাহিড়ীর। সব শর্ত মেনেও কোনও সমাধান হল না।
এ বিষয়ে জীতু কামালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়, তিনি ফোন তোলেননি। পরবর্তীতে যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে এই প্রতিবেদনেই তা যোগ করা হবে।