একটা গল্প শুরু হয় তিন বন্ধুতে। তাদের বেড়ে ওঠা এক অনাথ আশ্রমের চার দেওয়ালের মধ্যে। আশ্রমের সেই দিনগুলো ছিল একদিকে অভাবের, অন্যদিকে সীমাহীন ভালোবাসার।

‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’।
শেষ আপডেট: 16 February 2026 04:27
দ্য ওয়াল ব্যুরো: একটা গল্প শুরু হয় তিন বন্ধুতে। তাদের বেড়ে ওঠা এক অনাথ আশ্রমের চার দেওয়ালের মধ্যে। আশ্রমের সেই দিনগুলো ছিল একদিকে অভাবের, অন্যদিকে সীমাহীন ভালোবাসার। কিন্তু সময় গড়ায়, জীবনের গন্তব্য বদলায়, আর ভাগ হয়ে যায় তিন বন্ধুর চলার পথ। আদর্শের ব্যবধানে তৈরি হয় দূরত্ব, সম্পর্কের মধ্যে নামে ছায়া। তবু, ভেতরে ভেতরে বন্ধুত্বের সেই অদৃশ্য সুতোটি যেন রয়ে যায়—এক অজানা টান হিসেবে।
একজন হয়ে ওঠেন অনুসন্ধানী সাংবাদিক, সত্যের খোঁজ চলে দিনরাত। অন্যজন, এক ব্যবসায়ী—যিনি যুক্তি, লাভ-ক্ষতির অঙ্কেই বিশ্বাসী। আর তৃতীয়জন, এক গ্রামীণ হাসপাতালের চিকিৎসক—মানুষের যন্ত্রণা বোঝেন, সারিয়ে তোলেন তাঁদের দেহের, সঙ্গে মনকেও।
কিন্তু একদিন, হঠাৎ করেই নিঁখোজ হয়ে যায় এই বন্ধুদের মধ্যে একজন। তখনই শুরু হয় এক নতুন যাত্রা—বাকি দুই বন্ধু তাঁকে খুঁজতে বেরিয়ে পড়েন, পথ ধরে পথ ধরে পৌঁছে যান এক মানসিক চিকিৎসাকেন্দ্রে। সেই কেন্দ্রই যেন হয়ে ওঠে গল্পের মোড় ঘোরানোর জায়গা।

পরিচালক সাই প্রকাশ লাহিড়ির (Sai Prakash Lahiri) কথায়, “এই পৌঁছনোর পর থেকেই ছবির গল্প ঘুরে যেতে শুরু করে। দর্শক বুঝতে শুরু করবে, যাঁদের আমরা ‘পাগল’ কিংবা ‘মাথাখারাপ’ বলি, তাঁরাও মানুষ—তাঁদেরও আছে হাসি, কষ্ট, অনুভব।”
‘এরাও মানুষ—দ্য সার্চ উইদিন’ (Erao Manush – The Search Within) ছবিতে তিন বন্ধুর চরিত্রে দেখা যাবে জীতু কমল (Jeetu Kamal), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya) কে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে—খলনায়কের চরিত্রে। শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) থাকছেন এক চিকিৎসকের ভূমিকায়, বিশ্বনাথ বসু (Biswanath Basu) সেজেছেন খানিক ‘কমিক রিলিফ’ হিসেবে। কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) কে দেখা যাবে এক নার্সের চরিত্রে, আর চন্দন সেন (Chandan Sen) ‘রাখো হরি কাকা’—যিনি এই তিন বন্ধুকে আশ্রমে মানুষ করে তুলেছিলেন, যেন এক পিতৃসম ছায়া।

পরিচালক জানান, “দর্শক এখন গল্প খোঁজে। তাই তিন মাস ধরে আমি আর আমার দাদা বালাসাই লাহিড়ি (BalaSai Lahiri) এই গল্পটা ডেভেলপ (Develop) করেছি। আমরা চেয়েছি এক নতুন জঁরএক্সপ্লোর করতে—প্রথম অংশটি পুরোপুরি ড্রামা, কিন্তু দ্বিতীয় অংশে গল্প রূপ নেয় হার্ডকোর থ্রিলারে ।”
ছবির সুরেও থাকবে আবেগের ঢেউ। সঙ্গীত পরিচালনা করেছেন বালা সাই লাহিড়ি (BalaSai Lahiri)। গান গেয়েছেন জাভেদ আলি (Javed Ali), সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee) ও সিধু (Sidhu)। মেলাকেন্দ্রিক একটি বাউল গান গাইছেন কার্তিক দাস বাউল (Kartik Das Baul)। শুধু তাই নয় তাঁকে এবং অভিনেত্রী দেবলীনা কুমারকে (Devlina kumar) একসঙ্গে দেখা যাবে সেই মিউজিক্যাল ভিডিওতেও। এও শোনা যাচ্ছে, ছবিতে আরও একটি গান রয়েছে, সব ঠিক থাকলে সেই গান গাইতে পারেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
মানসিক অসুস্থতায় গভীর অন্ধকার থেকে উঠে আসবে মানুষের গল্প। সাই বিঘ্নেশ প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন বিপাশা লাহিড়ি (Bipasa Lahiri), বালাসাই লাহিড়ি (BalaSai Lahiri) এবং সাইপ্রকাশ লাহিড়ি (Sai Prakash Lahiri)। নিবেদনে বিপাশা লাহিড়ি (Bipasa Lahiri)। পরিচালনায় সাই প্রকাশ লাহিড়ি (Sai Prakash Lahiri) ও অমিত তালুকদার (Amit Talukdar)। ছবির কার্যনিবাহী প্রযোজক হিসেবে কাজ করছেন অয়ন চক্রবর্তী।

ছবির মুখ্য দুই অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ‘এরাও মানুষ’ (Erao Manush – The Search Within)হতে চলেছে তাঁদের দ্বিতীয় জুটি বাঁধা ছবি। বর্তমানে শুটিং চলছে টিটাগড় জুট মিল, বুরু্ল ও ধান্যকুড়িয়ায়।
কখনও কখনও মানবতার সত্যিকারের সংজ্ঞা যাঁরা খুঁজে পায় না শহরের চকচকে আলোয়, বরং পায় সেই ভাঙা মনগুলোর মাঝে, যারা এখনো ভালোবাসতে জানে... নিজের মতো করে, নিঃস্বার্থভাবে। সেই সংজ্ঞা দর্শক খুঁজে পাবে ‘এরাও মানুষ—দ্য সার্চ উইদিন’ (Erao Manush – The Search Within), বিশ্বাস পরিচালকের।