একটা সময় পর্দায় যাঁদের রসায়নে মজেছিল দর্শক, বাস্তব জীবনে সেই দুই মুখের সম্পর্ক আদায়-কাঁচকলায়। কথা হচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলকে নিয়ে।

দিতিপ্রিয়া-জিতু
শেষ আপডেট: 5 August 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় পর্দায় যাঁদের রসায়নে মজেছিল দর্শক, বাস্তব জীবনে সেই দুই মুখের সম্পর্ক আদায়-কাঁচকলায়। কথা হচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলকে নিয়ে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় এক ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন তাঁরা। জুটি হিসেবে দর্শক মনও জিতেছেন। কিন্তু পর্দার বাইরের ইক্যুয়েশন যেন মিলছেই না।
সম্প্রতি, দিতিপ্রিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর সহ-অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে। যদিও নাম উল্লেখ করেননি, তবু আঙুল যে ঠিক কোথায়, তা বুঝে নিতে দর্শকের বাকি নেই। আর সেই পোস্ট নিয়ে এবার মুখ খুললেন জিতু নিজেই।
দিতিপ্রিয়ার পোস্টে উঠে এসেছে একের পর এক অভিযোগ—সহ-অভিনেতার ‘দ্বিচারিতা’, অপমানজনক প্রশ্ন, মধ্যরাতে এআই-তে তৈরি আপত্তিকর ছবি পাঠানো, এমনকি সোশ্যাল মিডিয়ায় ‘অশালীন’ মন্তব্য নিয়ে মিথ্যে কথা ছড়ানোর মতো বিষয়ও। একটি ছবি পোস্ট করা নিয়ে সংঘাতের শুরু। জিতু কমল একটি ছবি পোস্ট করেন, সেই ছবিতে ছিলেন দিতিপ্রিয়া। ্ভিনেত্রীর মনে হয়েছে ছবিটি ‘inappropriate’। দিতিপ্রিয়া স্পষ্ট জানিয়েছেন, তিনি ছবিটি প্রোডাকশন টিমকে বলেই সরিয়েছিলেন, এবং তিনি কোনওদিনও ‘অশালীন মন্তব্যে কষ্ট পেয়েছেন’ বলে কাউকে জানাননি।
এই প্রসঙ্গে তিনি লেখেন, “আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাঁটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে।”
এমনকি একটি চমকে দেওয়ার মতো অভিযোগও এসেছে তাঁর পোস্টে। অভিনেত্রীর দাবি, জিতু একবার মাঝরাতে এআই-তে বানানো একটি ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।”
এত কিছুর পরেও এতদিন চুপ ছিলেন দিতিপ্রিয়া, শুধুমাত্র কাজের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেই কারণেই।
তাঁর ভাষায়, “আমার পরিবার আমাকে শেখায়নি কাজের জায়গায় ঝামেলা তৈরি করতে।” এই সব অভিযোগের পর স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল জিতু কমলের প্রতিক্রিয়ার দিকে। আর সেখানেই নতুন মোড়! ‘দ্য ওয়াল’-এর তরফে যোগাযোগ করা হলে জিতু বলেন, ‘আমি এখনও ওর ফেসবুক পোস্ট পড়িনি। খুব হাসি পাচ্ছে। দিতিপ্রিয়া বাচ্চা মেয়ে। ভীষণ ইমম্যাচিওর। সে কারণেই লিখেছে।’
এই প্রতিক্রিয়াই এখন মূল প্রশ্ন তুলে দিয়েছে—এটা কি কেবল ইম্যাচিওরিটি, নাকি রয়েছে আরও গভীর সমস্যার ইঙ্গিত? সহ-অভিনেত্রী যদি এতটা অস্বস্তিকর অবস্থায় পৌঁছন, তাহলে সেই পরিস্থিতিকে হালকা করে উড়িয়ে দেওয়া কি আদৌ যুক্তিযুক্ত? সব মিলিয়ে, বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় জুটির পর্দার পেছনের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কে ঠিক, কে ভুল—তা হয়তো সময় বলবে। কিন্তু এটাই স্পষ্ট, দর্শকরা যাঁদের দেখে ‘পারফেক্ট অনস্ক্রিন কাপল’ মনে করেছিলেন, বাস্তবে তাঁদের equation এখন বহু প্রশ্নের জন্ম দিচ্ছে।