নন্দী মুভিজ-এর নতুন অফিস উদ্বোধনে চমকপ্রদ উপস্থিতি—একসঙ্গে হাজির জিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত! একদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর সাফল্যে উজ্জ্বল ঋতুপর্ণা, অন্যদিকে আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর ঘোষণা নিয়ে ব্যস্ত জিৎ।

জিৎ-ঋতুপর্ণা
শেষ আপডেট: 26 July 2025 11:11
দ্য ওয়াল ব্যুরো: নন্দী মুভিজ-এর নতুন অফিস উদ্বোধনে চমকপ্রদ উপস্থিতি—একসঙ্গে হাজির জিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত! একদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর সাফল্যে উজ্জ্বল ঋতুপর্ণা, অন্যদিকে আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর ঘোষণা নিয়ে ব্যস্ত জিৎ। এই অনুষ্ঠান যেন হয়ে উঠল তারকাদের মিলনমেলা। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল দুই সুপারস্টারের একসঙ্গে আগমন।
দু’জনকে একসঙ্গে দেখে স্বাভাবিক ভাবেই দর্শকদের মনে জেগেছে প্রশ্ন—এতদিন পর ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন কি তাঁরা? এই প্রশ্নের জবাবে জিৎ হেসে বলেন, “আমায় দেখে কী মনে হচ্ছে? এখন তো শুধু অনুষ্ঠানে এলাম, ভবিষ্যতে হয়তো একসঙ্গেই পর্দায় দেখা যাবে।” ঋতুপর্ণাও যোগ দেন, “অবশ্যই! প্রযোজক চাইলে আবার একসঙ্গে কাজ করব।” এই সংলাপেই যেন জন্ম নেয় নতুন জল্পনার।
প্রসঙ্গত, চলতি জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি ম্যাডাম সেনগুপ্ত। ছবির রেশ এখনও কাটেনি, তার মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন অভিযান—ভারতের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এই রহস্যে ঘেরা সিনেমা। প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছে, আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’! আর সেই ছবির মুখ আবারও ঋতুপর্ণা। তবে এবার একেবারে নতুন গল্প, আগের ছবির রহস্যের সঙ্গে কোনও সংযোগ নেই বলেই ইঙ্গিত নির্মাতাদের।
অন্যদিকে, জিৎ প্রথমবার বায়োপিকে! পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত—এই ছবিতে অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে তাকে। অক্টোবর থেকে শুরু হতে চলেছে শ্যুটিং, লোকেশন হিসেবে থাকছে কলকাতা ছাড়াও ঝাড়খণ্ডের নানা অঞ্চল। গুঞ্জন এমনই যে, এই ছবিতেই জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন ঋতুপর্ণা! যদিও নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন।
২০০৪ সালের ছবি ‘আক্রোশ’-এর পর দীর্ঘ দুই দশক পেরিয়ে ফের যদি জিৎ-ঋতুপর্ণা একসঙ্গে বড়পর্দায় ফেরেন, তবে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য দারুণ উপহার হবে। এক বৃষ্টিভেজা বিকেল যেন ইঙ্গিত দিয়ে গেল—সম্ভাবনার দরজা খোলা, এবার শুধু সময়ের অপেক্ষা।