টিজারের শুরুতেই শোনা যায় আকাশবাণী কলকাতার কণ্ঠে সতর্কবার্তা—শহরে পরপর ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটছে। এরপরই উঠে আসে ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচারের দৃশ্য। সেই অশান্ত সময়েই লাল ছাতা হাতে আবির্ভাব ঘটে অনন্ত লাল সিংহের, যিনি শাসকদের কাছে এক আতঙ্ক।

শেষ আপডেট: 19 March 2026 13:17
দ্য ওয়াল ব্যুরো: জিৎ (Jeet) অনুরাগীদের মনে এবার বেজায় স্বস্তি। এক বছর পর পর্দায় আসতে চলেছে জিতের ছবি। সে সুখবর মিলেছিল আগেই। এবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম টিজার। প্রায় এক বছরের বিরতির পর বড়পর্দায় ফিরছেন সুপারস্টার। টিজার প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে ছবির মুক্তির (Jeet Movie Release) দিনও।
টিজারে থাকল কী কী চমক?
টিজারের শুরুতেই শোনা যায় আকাশবাণী কলকাতার এক সতর্কবার্তা—শহরে পরপর ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটছে। এরপরই উঠে আসে ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচারের দৃশ্য। সেই অশান্ত সময়েই লাল ছাতা হাতে আবির্ভাব ঘটে অনন্ত লাল সিংহের, যিনি শাসকদের কাছে এক আতঙ্ক। টিজারজুড়ে জিতে একাধিক রূপ নজর কেড়েছে ইতিমধ্যেই। অ্যাকশন ভরপুর প্রথম ঝলকই বাড়িয়েছে অনুরাগীদের মনে চরম উত্তেজনা। গল্পে জিতের চরিত্রকে আরও স্পষ্ট করতে নির্মাতাদের পক্ষ থেকে থাকে একটি ব্যখ্যাও। যেখানে বলা, শাসকের অন্যায় যখন চরমে ওঠে, তখনই জন্ম নেয় প্রকৃত বিপ্লবীর। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে ওঠা অনন্ত সিংহের জীবনকাহিনি সেই সংগ্রামেরই গল্প।
আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। গরমের ছুটিতে দর্শকদের জন্য বড় আকর্ষণ হতে চলেছে এই ছবি, তা বলাই বাহুল্য।
ছবিটি পরিচালনা করেছেন পথীকৃত বসু (Pathikrit Basu)। নাম ভূমিকায় অভিনয় করছেন জিৎ (Jeet)। প্রযোজনায় রয়েছে জিতের নিজস্ব সংস্থা এবং নন্দী মুভিজ। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে (Tota Roy Chowdhury), যিনি দুর্গা রায়ের ভূমিকায় অভিনয় করছেন। ২০২৫ সালের কালীপুজোর দিন এই ছবির শুট শুরু হয়।
টিজার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুরাগীদের অনেকেই জিতকে ‘বাংলার সিংহ’ বলে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, এই ছবিই এবার সব সমালোচনার জবাব দিতে চলেছে। প্রথম ঝলক দেখেই অনেকের দাবি—এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে চলেছে।