জয়া আহসান। যাঁর দাপুটে উপস্থিতি আজ ওপার বাংলা থেকে এপার বাংলা, এমনকি বি-টাউনের নজরেও সমানভাবে উজ্জ্বল।

জয়া।
শেষ আপডেট: 11 December 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: জয়া আহসান (Jaya Ahsan)। যাঁর দাপুটে উপস্থিতি আজ ওপার বাংলা থেকে এপার বাংলা, এমনকি বি-টাউনের নজরেও সমানভাবে উজ্জ্বল। অভিনয়ের গভীরতা যেমন তাঁকে আলাদা করে রেখেছে, তেমনই তাঁর স্টাইল-সচেতন উপস্থিতিও বারবার আলোচনায় এনে দেয় তাঁকে। আর এবার তিনি চর্চায় তাঁর একেবারে নতুন লুকের কারণে, যেন নিজেরই আরেকটি চরিত্রকে জন্ম দিলেন নতুনভাবে।
তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে একগুচ্ছ মনকাড়া ছবি। সেখানে যেন এক অন্যরকম জয়া— খানিক ঐতিহ্য, খানিক আধুনিকতা আর খানিকটা খুনসুটির মিশেল। পাথরের কাজ করা উজ্জ্বল লাল ব্লাউজ, তার সঙ্গে ধূসর জিন্স— এই অদ্ভুত সুন্দর মিশেলে তৈরি হয়েছে অনন্য স্টাইল স্টেটমেন্ট। কপালে লাল সিঁদুরের টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপের গুচ্ছ, চোখে রোদচশমার চার্ম। হাতে পাথরের চুড়ি-বালা, প্রতিটি ভঙ্গিমায় উজ্জ্বল হয়ে উঠছিল তাঁর স্বকীয়তা।
কিন্তু আসল চমক ছিল তাঁর হাতে ধরা টুকটুকে লাল আপেল। কখনও সেটি হাতে ধরে দুষ্টু হাসি, কখনও মাথার ওপরে ব্যালেন্স করে খেলায় মেতে ওঠা, আবার কখনও ঠোঁটের কাছে এনে এক রহস্যময় আবহ তৈরি— প্রতিটি ছবিতে যেন শব্দের বদলে গল্প বলছিলেন তিনি। ছবিগুলির ক্যাপশনে লিখলেন, “ইভ ইডেন গার্ডেনে অ্যাডামের থেকেও বেশি সাহস দেখিয়েছিল। যখন সাপ নিষিদ্ধ ফলটি দিয়েছিল, সে জানত স্বর্গের বাইরেও সুখের আরেকটি দরজা আছে।”
ছবিগুলি সামনে আসতেই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভেসে গেল সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় লিখলেন, “খুবই স্টাইলিশ আর মজাদার।” কেউ লিখলেন, “খুব সুন্দর লাগছে।” কেউ আবার আবেগে ভেসে বললেন, “লাভ অফ মাই লাইফ।” আর এক জনের মন্তব্য— “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।”
জয়ার কাজের দুনিয়াতেও চলছে ব্যস্ত সময়। সদ্য মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ এখনও মন ছুঁয়ে আছে দর্শকের। এবার আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’— যেখানে তাঁর সঙ্গে থাকছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। প্রথম ছবির সাফল্যের পর এই সিক্যুয়েলেও তাঁকে ঘিরে উত্তেজনা চোখে পড়ার মতো। অন্যদিকে, এ বছরই ঢাকায় মুক্তি পেয়েছে তাঁর ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’— প্রতিটি সিনেমাই তাঁর বহুমাত্রিক অভিনয়ের প্রমাণ। পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে তিনি সোচ্চার হন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে বহু তারকাও কণ্ঠ মেলান।