এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পের বুনন করেছেন পরিচালক। ছবিতে শ্বেতা নামে এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অতীতের অন্ধকার স্মৃতি যার জীবনজুড়ে ছায়া ফেলে রেখেছে। মনের গভীরে জমে থাকা সেই কালো মেঘ সর্বক্ষণ তাকে তাড়া করে বেড়ায়।
_0.jpg.webp)
শেষ আপডেট: 26 January 2026 16:22
দ্য ওয়াল ব্যুরো: ‘ভুতু’, যে নামের সঙ্গে বাংলার দর্শক কমবেশি সকলেই পরিচিত। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন আর্শিয়া মুখোপাধ্যায়। এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। মানসিক অসুস্থতার অন্ধকার দিক আর শৈশবের ক্ষত, এই দুইয়ের ভয়ংকর সংযোগেই তৈরি সে ছবির চিত্রনাট্য। যা বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। ‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার কীভাবে একজন মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে এবং ধীরে ধীরে তাকে অপরাধের পথে ঠেলে দিতে পারে, সেই জটিল মানসিক পরিস্থিতিই তাঁর আগামী ছবি ‘ওসিডি’-র বিষয়।
শৈশবের এক তিক্ত অভিজ্ঞতা কীভাবে শিশুর ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ অন্য পথে নিয়ে যেতে পারে, তারই ইঙ্গিত মিলেছে ‘ওসিডি’-র সদ্য প্রকাশিত ট্রেলারে। লিঙ্গ নির্বিশেষে ছোটবেলায় পাওয়া মানসিক আঘাত সারাজীবন বহন করতে হলে, তা ভবিষ্যতে একজন মানুষকে কতটা পাল্টে ফেলতে পারে, জয়া আহসান অভিনীত এই ছবির ঝলকে সেই বাস্তবতাই ধরা পড়তে চলেছে।
এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পের বুনন করেছেন পরিচালক। ছবিতে শ্বেতা নামে এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অতীতের অন্ধকার স্মৃতি যার জীবনজুড়ে ছায়া ফেলে রেখেছে। মনের গভীরে জমে থাকা সেই কালো মেঘ সর্বক্ষণ তাকে তাড়া করে বেড়ায়।
ঘটনার মোড় ঘুরে যায় যখন হঠাৎ করেই শ্বেতার অতীত সম্পর্কে জেনে যায় এক রোগী। সেই ঘটনার পর থেকেই পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। আশপাশের মানুষজন, যারা তার বিরোধিতা করে বা তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদের প্রতি শ্বেতার মনে জন্ম নেয় প্রবল বিতৃষ্ণা। এই মানসিক অস্থিরতার পরিণতি কী হয়, সেটাই ধীরে ধীরে সামনে আনবে সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’।
আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগেই ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শক মনে কৌতূহল তুঙ্গে। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘ভূতু’ ওরফে আর্শিয়া মুখোপাধ্যায় বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে। প্রথম ছবিতেই জয়া আহসান, কৌশিক সেন, অনসূয়া মজুমদার এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। ট্রেলারেই স্পষ্ট, ‘ওসিডি’-তে আর্শিয়ার চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। এখন দেখার, গল্পের বুনট দর্শকদের কতটা মন জয় করে।