
শেষ আপডেট: 7 October 2023 14:03
দ্য ওয়াল ব্যুরো: গত একমাসে একের পর এক রেকর্ড ভেঙেছে শাহরুখের ‘জওয়ান’। হিন্দি ছবির বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের নিরিখে প্রথম স্থানে পৌঁছে গিয়েছে এই ছবি। উপার্জিত টাকার পরিমাণ ১১০৩ কোটি ২৭ লক্ষ। সামনেই দুর্গাপুজো। মনে করা হচ্ছে, তারমধ্যেই এই আয়ের পরিমাণ ১৫০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলতে পারে। ইতিমধ্যে অনেকেই শাহরুখের এই ছবি একাধিকবার প্রেক্ষাগৃহে গিয়ে দেখে ফেলেছেন। আপাতত তাঁরা ওটিটিতে ‘জওয়ান’ মুক্তির অপেক্ষা করছেন। কবে ওটিটিতে আসবে এই ছবি, তা এখনও জানায়নি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। তবে অনেকেরই ধারণা, জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফ্ট হিসাবে ‘জওয়ান’ দিতে পারেন বাদশা।
আগামী ২ নভেম্বর ৫৮ বছরে পা দেবেন শাহরুখ। সেই উপলক্ষে তিনি প্রতিবছরই ‘মন্নত’-এর সামনে দাঁড়িয়ে ভক্তদের দর্শন দিয়ে থাকেন। বাদশার জন্মদিন পালন করতে ওই তারিখে গোটা দেশ থেকে কাতারে কাতারে শাহরুখ-ভক্ত হাজির হন মুম্বইয়ে তাঁর বাংলোর সামনে। এবছরের জন্মদিনটা তিনি আরও একটু জাঁকজমকের সঙ্গেই পালন করবেন বলে মনে করা হচ্ছে। কারণ, এবছরটা পরপর দু’টো ইন্ডাস্ট্রি হিট ছবি দিয়ে কামব্যাক করেছেন অভিনেতা। ‘পাঠান’ ও ‘জওয়ান’—এই দুই সিনেমার মাধ্যমে শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন বলিউডের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। তাই এবছর জন্মদিন একটু হলেও স্পেশাল হবে কিং খানের কাছে।
মনে করা হচ্ছে, সেই স্পেশাল দিনটাকেই আরও একটু উৎসবমুখর করতে সেদিনই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে ‘জওয়ান’। রেড চিলিজ চাইছে, এই অক্টোবর মাসের মধ্যেই বক্স অফিসে ১৫০০ কোটি টাকার অঙ্ক ছুঁয়ে ফেলতে। যা একপ্রকার রেকর্ড তৈরি করবে। আর তারপরই শাহরুখের জন্মদিন উপলক্ষে দর্শক এবং অনুরাগীদের পাল্টা উপহার হিসাবে ওটিটিতে চলে আসতে পারে ‘জওয়ান’। যদিও এখনও অবধি নেটফ্লিক্স কিংবা প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে কোনওরকম ঘোষণা করা হয়নি। কিন্তু ডিসেম্বরেই যেহেতু শাহরুখের ‘ডানকি’ মুক্তি পাওয়ার কথা, তাই নভেম্বরের মধ্যেই ‘জওয়ান’-এর ওটিটি রিলিজের সম্ভাবনা প্রবল। এখন শুধু ঘোষণার অপেক্ষা।