নতুন বছরে সুখবর শোনালেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি। বিশেষ পোস্টে স্ত্রী প্রিয়ার সঙ্গে ভাগ করলেন দ্বিতীয় সন্তানের আগমনের খবর। শুভেচ্ছায় ভাসছে নেটপাড়া।

অ্যাটলি
শেষ আপডেট: 20 January 2026 16:49
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন পরিচালক অ্যাটলি (Atlee)। একটি বিশেষ পোস্টের মাধ্যমে নিজের জীবনের এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অ্যাটলি (Jawan Director Atlee) জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়া ও অ্যাটলি একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। যৌথভাবেই এই সুখবর সকলের সামনে এনেছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখ খানকে নিয়ে তৈরি ‘জওয়ান’ ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন অ্যাটলি। সেই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর পর্দায় ফিরেছিলেন বলিউডের বাদশা। নয়নতারা ও শাহরুখের রসায়ন যেমন দর্শকদের মন ছুঁয়েছিল, তেমনই পরিচালক হিসেবে অ্যাটলির কাজও পেয়েছিল বিশেষ প্রশংসা। নতুন বছরের শুরুতেই ব্যক্তিগত জীবনে এল আরও এক আনন্দের খবর।
শেয়ার করা ছবিগুলিতে প্রিয়া ও অ্যাটলির সঙ্গে দেখা মিলেছে তাঁদের তিন বছরের পুত্র মীরেরও। আরও একটি ছবিতে দম্পতিকে দেখা যায়, একান্ত কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। সেই ফ্রেমে জায়গা পেয়েছে তাঁদের আদরের পোষ্যরাও। জীবনের এই বিশেষ সময়ে অ্যাটলি ও প্রিয়ার জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা।
ছবির ক্যাপশনে অ্যাটলি লিখেছেন, ‘আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দও আরও বাড়বে। হ্যাঁ, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের আশীর্বাদ, ভালবাসা এবং প্রার্থনা আমাদের প্রয়োজন।’