২০২৬ সালের জয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে গিয়ে অনভিপ্রেত পরিস্থিতি।

শাহরুখ খান
শেষ আপডেট: 20 January 2026 16:19
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ২০২৬ সালের জয় অ্যাওয়ার্ডসের(Joy Awards 2026) জন্য দুবাই উড়ে গিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই অনুষ্ঠানেই চিরাচরিত ‘কিং’ স্টাইল উপস্থিতি আর চার্মিং ব্যক্তিত্বে আবারও দর্শকদের মন জয় করেন তিনি। কিন্তু অনুষ্ঠান চলাকালীন যে এমন এক অনভিপ্রেত পরিস্থিতির (Viral Video) মুখোমুখি হতে হবে, তা হয়তো কল্পনাতেও ছিল না শাহরুখের। আর সেই মুহূর্তই এখন ক্যামেরাবন্দি হয়ে ঘুরছে নেটদুনিয়ায়, তৈরি করেছে তুমুল বিতর্ক।
রিয়াদের জয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান এক ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এমন সুযোগ হাতের নাগালে পেয়ে স্বাভাবিকভাবেই ওই ব্যক্তি নিজের মোবাইলে মুহূর্তটি বন্দি করতে উদ্যোগী হন। কিন্তু সেই আচরণ মোটেই ভালো লাগেনি কিং খানের। মুহূর্তের মধ্যেই তিনি ওই অনুরাগীর হাত থেকে ফোনটি কেড়ে নেন।
ঘটনা এখানেই শেষ হয়নি। অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা ছবি তুলতে এগিয়ে এলে, মোবাইল-সহ তাঁর হাতও ধরে নিচে নামিয়ে দেন শাহরুখ খান। প্রকাশ্যে এই আচরণ দেখে অনেকেই চমকে যান। তবে এখানেই ফের একবার ধরা পড়ে বাদশার অন্য রূপ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি সামলে খুব শান্তভাবে ওই দুই অনুরাগীকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন শাহরুখ। এরপর হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তোলেন তিনি। সেই মুহূর্তেই যেন আবারও প্রমাণ হয়ে যায়, কেন লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয়ে আলাদা জায়গা করে রেখেছেন শাহরুখ খান।
ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয় দ্বিমুখী প্রতিক্রিয়া। একাংশ মনে করছেন, প্রকাশ্যে মেজাজ হারানো শাহরুখের ‘অহমবোধ’-এরই প্রকাশ। আবার অন্য একদল অনুরাগী স্পষ্টভাবে তাঁর পক্ষ নিয়ে বলছেন, অনুষ্ঠানের নিয়ম ভাঙা হচ্ছিল, সেখানে শৃঙ্খলা বজায় রাখাই তাঁর দায়িত্ব ছিল। তাঁদের কথায়, ‘নিয়ম মানাতে গিয়ে তিনি ভুল কোথায় করলেন?’
আসলে আজকের দিনে শাহরুখ খানের দর্শন পাওয়াই যেন একপ্রকার বিলাসিতা। ২০২১ সালে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের পর থেকেই পাপারাজ্জিদের থেকে সচেতন দূরত্ব বজায় রাখছেন তিনি। হাইপ্রোফাইল বলিউড পার্টিতেও প্রায়শই গভীর রাতে পৌঁছন। দিনের আলোয় ক্যামেরার লেন্স এড়াতে তাঁর ভরসা বিশাল কালো ছাতা, মুখঢাকা মাস্ক আর কালো কাচে মোড়া গাড়ি। একাধিকবার কাছে এসেও তাঁকে ঠিকভাবে ফ্রেমবন্দি করতে পারেননি চিত্রগ্রাহকেরা।
ফলে এখন বাদশার ‘জলওয়া’ দেখার একমাত্র সুযোগ মেলে মঞ্চে, বড় অনুষ্ঠানে। সেই বিরল মুহূর্তটুকু নিজের করে নিতে গিয়েই হয়তো নিয়ম ভেঙে সেলফির চেষ্টা করেছিলেন ওই দুই অনুরাগী। আর তাতেই তৈরি হয় এমন এক পরিস্থিতি, যা এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে।