ট্রেলারটি দর্শকদের একাংশের প্রশংসা কুড়িয়েছে, তবে কেরলের অনেক শিল্পী ও দর্শকের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

‘পরম সুন্দরী’তে জাহ্নবী কাপুর
শেষ আপডেট: 16 August 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন রোমান্টিক ড্রামা ‘পরম সুন্দরী’-র ট্রেলার। যদিও সেটি দর্শকদের একাংশের প্রশংসা কুড়িয়েছে, তবুও কেরলের অনেক শিল্পী ও দর্শকের তীব্র সমালোচনার মুখে পড়েছে। ছবিতে জাহ্নবী রয়েছেন পালাক্কাড়ের এক মালয়ালি মেয়ের চরিত্রে, কিন্তু তাঁর চরিত্রায়ন অতিরঞ্জিত ও প্রচণ্ড ‘স্টেরিওটিপিক্যাল’ বলে অভিযোগ উঠছে।
বৃহস্পতিবার মালয়ালি অভিনেত্রী-গায়িকা পবিত্রা মেনন ছবির নির্মাতাদের কড়া সমালোচনা করেছিলেন। এরপর শুক্রবার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্টেফি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে একই মত প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
স্টেফি তাঁর ভিডিওর শুরুতে মাথায় ফুল সাজিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘বলিউডের মতে মালয়ালি মানেই এই একধরনের সাজ।’ তিনি আরও জানান, ছবিতে জাহ্নবীর চরিত্রের অদ্ভুত লম্বা নাম ও সাজসজ্জা একেবারেই অবাস্তব মনে হয়েছে। ‘কেরলের সবার লম্বা নাম হয় না। এটা আর স্টেরিওটিপিক্যাল হতে পারে না। বরং তাঁকে চেন্নাইয়ের চরিত্র হিসেবে দেখালে ভাল হত, কারণ তাঁকে অনেকটা তামিলিয়ান লাগছে,’ এমনই মন্তব্য করেন তিনি।
স্টেফি এ-ও প্রশ্ন তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে, সিদ্ধার্থ মালহোত্রার চরিত্র ‘পরম’ - যিনি দিল্লির ছেলে - তাঁকেও কি স্টেরিওটিপিক্যালভাবে দেখানো হয়েছে?
ভিডিওর কমেন্ট সেকশনে অনেক মালয়ালি নেটিজেন জাহ্নবীর উচ্চারণ ও অভিনয়ের সমালোচনা করেন। একজন লিখেছেন, ‘তিনি হিন্দিতে বললেন সব বুঝলাম, কিন্তু একটাও মালায়ালম শব্দ বুঝতে পারলাম না।” আরেকজনের মন্তব্য, “আমি উত্তর ভারতীয়, কোয়েম্বাটুরে দু’বছর থেকেছি। কিন্তু ওঁর ওই ‘ফেক সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট’ একেবারেই মানতে পারার মতো নয়।’
একজন সরাসরি অনুরোধ করেছেন, “বলিউড, দয়া করে আমাদের রিপ্রেজেন্ট করবেন না। আমরা কোনও রিপ্রেজেন্টেশন চাই না। আমাদের ছেড়ে দিন।”
অনেকেই পবিত্রা মেননের আগের মন্তব্যকে সমর্থন করেছেন, যেখানে তিনি বলেছিলেন, “একজন প্রকৃত মালয়ালি অভিনেত্রীকে নিলেই হত। আমরা কি কম ট্যালেন্টেড?”
প্রসঙ্গত, এর আগেও বলিউড এরকম অভিযোগে বিদ্ধ হয়েছে। বিশেষত বাঙালি কোনও চরিত্র, তাঁদের উৎসব, আদবকায়দা, কথার ধরনকে নকল করার ব্যর্থ প্রচেষ্টা নিয়ে অনেকে অনেক রকম অভিযোগ তুলেছেন।
ছবিটি মূলত দিল্লির এক যুবক ও কেরলের এক মেয়ের প্রেমকাহিনীকে ঘিরে। জাহ্নবী ও সিদ্ধার্থ ছাড়াও অভিনয় করেছেন রাজীব খান্দেলওয়াল ও আকাশ দাহিয়া। তুষার জলোটার পরিচালনায় ‘পরম সুন্দরী’ মুক্তি পাবে আগামী ২৯ অগস্ট।