কোনও মিটিং, বিকল্প আলোচনা বা দ্বিতীয় মতামতের প্রয়োজন হয়নি। ডিকে প্রথমবার সেই ছবি জয়দীপকে যখন দেখিয়েছিলেন, অভিনেতার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, 'আবার এত লম্বা চুল কীভাবে করব!'

জয়দীপের ভাইরাল ভিলেন লুক!
শেষ আপডেট: 22 November 2025 21:24
দ্য ওয়াল ব্যুরো: 'দ্য ফ্যামিলি ম্যান'-এর সিজন ৩ (Family Man season 3) নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডি কে (রাজ-ডিকে)–র তৈরি এই জনপ্রিয় স্পাই থ্রিলারের থার্ড সিজনের গল্পের ক্যানভাস আরও বড়, আরও জটিল এবং অনেক বেশি ব্যক্তিগত। তবে ট্রেলার বেরনোর আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন অভিনেতা জয়দীপ আহলওয়াত (Jaideep Ahlawat)।
লম্বা চুল, ম্যান বান, তীক্ষ্ণ চাউনি- সোশ্যাল মিডিয়ায় তাঁকে নতুন অবতারে দেখে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়ে যায়। সবাই জানতে চান, কীভাবে তৈরি হল এই নতুন রহস্যময় চরিত্রের লুক। আর সেই গল্পটি যতটা নাটকীয় মনে হয়, বাস্তবে তা অনেকটাই সহজ, মজার এবং পুরোপুরি ‘অ্যাক্সিডেন্টাল’।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে 'দ্য ফ্যামিলি ম্যান'-এর স্রষ্টা কৃষ্ণা ডি কে জানান, সাধারণত একটি চরিত্রের জন্য প্রচুর লুক টেস্ট, রিহার্সাল ও পরিকল্পনা করা হয়। কিন্তু জয়দীপের ক্ষেত্রে সবকিছু বদলে যায় একটি ঘটনাতেই, অভিনেতার ইনস্টাগ্রামে থাকা একটি পুরনো ছবির জন্য।
ডিকে হাসতে হাসতে বলেন, "আমরা ভাবছিলাম, জয়দীপকে আগের মতোই ‘হাথিরাম’ লুক দেওয়া যাবে না। অন্য ধরনের কিছু চাইছিলাম। ঠিক তখনই আমার টিমের একজন তাঁর ইনস্টাগ্রাম থেকে একটি ছবি খুঁজে পেল। আমরা দেখেই বললাম, এই তো! এইটাই চাই।”
এর পরে আর কোনও মিটিং, বিকল্প আলোচনা বা দ্বিতীয় মতামতের প্রয়োজন হয়নি। ডিকে প্রথমবার সেই ছবি জয়দীপকে যখন দেখিয়েছিলেন, অভিনেতার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, 'আবার এত লম্বা চুল কীভাবে করব!'
জয়দীপ বলেন, 'আমার প্রথম ভাবনা ছিল, চুল বড় করতে অনেক সময় লাগবে।' কিন্তু শিডিউল, শুটিং টাইমলাইন আর বাস্তব কারণগুলো বিবেচনা করে শেষমেশ সিদ্ধান্ত হয়, চুল লম্বা করা যাবে না, এক্ষেত্রে পরচুলাই সমাধান।
শুটিংয়ে নকল চুল ব্যবহার করার অভিজ্ঞতা নিয়ে জয়দীপ বলেন, "আমি এগুলো একদম পছন্দ করি না। খুব গরম লাগে, নড়াচড়া করলেও খুলে যেতে পারে। বেশ কষ্টকর।"
যে ছবিটি দেখে জয়দীপের লুক সেট করা হয়েছিল, সেটি ২০২১ সালে উটি-তে ‘ব্লাডি ব্রাদার্স’–এর শুটিংয়ের সময় তোলা। 'অ্যাক্সিডেন্টাল' হলেও ভক্তদের মতে এই লুক ইতিমধ্যেই অন্যতম সেরা রূপান্তর। আর ‘ফ্যামিলি ম্যান’ যেভাবে চমক আর রহস্য দিয়ে দর্শককে ধরে রাখে, জয়দীপ আহলওয়াতের নতুন ভিলেন অবতার সেই ধারাকেই আরও শক্তিশালী করতে চলেছে।