ধুরন্ধর ছবির বিপুল সাফল্যের পর আসছে সিক্যুয়েল। ‘ধুরন্ধর ২’-এ কি মাস্টারমাইন্ড চরিত্রে দেখা যাবে সলমন খানকে?

ফাইল চিত্র
শেষ আপডেট: 4 February 2026 23:47
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বলিউডের বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ছবি ‘ধুরন্ধর’। ছবিটির বিপুল সাফল্যের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন পরিচালক আদিত্য ধর। খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2), আর সেই সঙ্গেই সামনে এসেছে এক বিস্ফোরক গুঞ্জন। শোনা যাচ্ছে, এই পর্বে রণবীর সিংয়ের মুখোমুখি হতে পারেন স্বয়ং সলমন খান (Salman Khan)।
সিনেমার অন্দরমহলের খবর অনুযায়ী, সিক্যুয়েলের চিত্রনাট্যে রয়েছে এক রহস্যময় ও অত্যন্ত প্রভাবশালী চরিত্র—নাম ‘বড় সাহেব’ (Bade Sahab)। এই চরিত্রটিই নাকি প্রথম পর্বের সমস্ত ঘটনার নেপথ্যের মাস্টারমাইন্ড। নির্মাতারা এমন একজন অভিনেতাকে এই চরিত্রে চাইছিলেন, যাঁর স্ক্রিন প্রেজেন্স দেখলেই দর্শক শিউরে উঠবে। সেই তালিকাতেই উঠে এসেছে সলমন খানের নাম।
যদি শেষ পর্যন্ত সলমন খান এই প্রস্তাবে সায় দেন, তবে রণবীর সিং ও সলমনের যুগলবন্দি হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় কোলাবরেশন। একদিকে রণবীরের দুরন্ত এনার্জি, অন্যদিকে ভাইজানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ, এই দুই মিলে বক্স অফিসে আগুন ঝরবে বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
যদিও এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সলমন খানের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সলমনের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। অ্যাকশন-ভরপুর এই চিত্রনাট্যে কাজ করতে আগ্রহী বলেই নাকি ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম পর্ব ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই দেশের বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করেছে। ফলে সিক্যুয়েল ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। যদি সত্যিই ‘বড় সাহেব’ হিসেবে সলমন খান যোগ দেন, তবে প্রেক্ষাগৃহে উন্মাদনা সামলানো যে কঠিন হবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, ‘ধুরন্ধর’-এ এসপি আসলাম চরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত ‘বড় সাহেব’-এর নাম উল্লেখ করেছিলেন। পাশাপাশি, রণবীর সিংয়ের চরিত্র হামজার ডায়েরিতেও এই নামের ইঙ্গিত মেলে, যখন তিনি অক্ষয় খান্নার চরিত্র রেহমান ডাকাইতের নাম কেটে ফেলেন। সাম্প্রতিক সময়ে সলমন খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় জল্পনা আরও উসকে গিয়েছে। অনেকেই মনে করছেন, সেটি ‘ধুরন্ধর ২’-এর লুক। যদিও কেউ কেউ দাবি করছেন ছবিটি পুরনো, আবার কারও মতে সেটি এআই দিয়ে তৈরি।