বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ‘মহাভারত’-এর পর আর অভিনয়ে দেখা যাবে না আমির খানকে। পডকাস্টে তাঁর একটি মন্তব্য ঘিরে এমন জল্পনাই ছড়িয়েছে নানা মহলে।

আমির খান
শেষ আপডেট: 12 June 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ‘মহাভারত’-এর পর আর অভিনয়ে দেখা যাবে না আমির খানকে। পডকাস্টে তাঁর একটি মন্তব্য ঘিরে এমন জল্পনাই ছড়িয়েছে নানা মহলে। কিন্তু এবার নিজেই সমস্ত বিভ্রান্তি দূর করে বিষয়টি স্পষ্ট করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
‘আমি এখনই অভিনয় ছাড়ছি না’— জুম ফ্যান ক্লাব বিভাগে এক বার্তায় জানিয়ে দিলেন আমির। বললেন, ‘‘মহাভারত আমার শেষ ছবি নয়। একটা প্রশ্নের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল— এমন কোনও সিনেমা আছে কি, যেটি করার পর মনে হবে, আর কিছু করার নেই? আমি তখন বলেছিলাম, মহাভারতের মতো একটা প্রজেক্ট এমন হতে পারে। ব্যস, সেখান থেকেই সবাই ধরে নিল আমি অবসর নিচ্ছি!’’
সম্প্রতি রাজ শামানির পডকাস্টে নিজের বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রোজেক্ট ‘মহাভারত’ নিয়ে কথা বলেন আমির। জানান, “এই প্রোজেক্টটা এতটাই সুন্দর যে এর কাজ শেষ করার পর সত্যিই মনে হতে পারে, আর কিছু করার বাকি নেই। কিন্তু তার মানে এই নয় যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছি। আমির আরও বলেন, “মহাভারত এমন একটি সৃষ্টি, যেখানে গোটা পৃথিবীর সমস্ত আবেগ, দর্শন, সম্পর্ক, নীতি— সবই খুঁজে পাওয়া যায়। এটি কেবল একটি গল্প নয়, এক বিশাল জগৎ।”
এই মুহূর্তে আমির প্রস্তুত হচ্ছেন তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর মুক্তির জন্য। ছবিতে তিনি এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি একটি টুর্নামেন্টের জন্য নিউরোডাইভারজেন্ট শিশুদের নিয়ে গঠিত দলকে প্রশিক্ষণ দেন। এই ছবিটি স্প্যানিশ সিনেমা Campeones-এর অফিশিয়াল রিমেক। ছবিটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন।
এই ছবির হাত ধরে বলিউডে আসছেন ১০ জন নতুন অভিনেতা, যাঁরা প্রত্যেকেই নিউরোডাইভারজেন্ট চরিত্রে অভিনয় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন: আরুশ দত্ত, গোপ কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। এই ছবি আমিরের ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পর’-এর ভাবনাত্মক সিক্যুয়েল। 'সিতারে জমিন পর' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ জুন।