‘পুষ্পা’ থেকে ‘স্ত্রী’—সবই অনুকরণ করছে বলিউড, বললেন করণ জোহর। তাঁর মতে, ছবি নয়, গল্পই বড়, আর সেটাই হারিয়ে যাচ্ছে।

করণ জোহর
শেষ আপডেট: 11 June 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বলিউডের সবচেয়ে বড় সমস্যা কী? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর সরাসরি বললেন—“অনুকরণের প্রবণতা”। তাঁর মতে, চলচ্চিত্র জগতের অনেকেই এখন অন্যদের সাফল্য দেখে সেই একই ধরনের ছবি তৈরি করতে চাইছেন। তবে শুধুমাত্র অনুকরণ করে দর্শকের মন জয় করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, “আমার মনে হয় সবাই এখন অন্যরা যা করছে তা-ই করতে চাইছে। আমরা দেখেছি ‘পুষ্পা’ ছবিটি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দর্শকের মধ্যে ভালো কাজ করেছে। তার পরেই দেখা গেল আরও ২০ জন একই রকম কিছু বানাতে চায়। 'ছাবা' সফল হতেই সবাই ঐতিহাসিক ছবি বানানোর দিকে ঝুঁকেছে। 'স্ত্রী' জনপ্রিয় হওয়ার পর হরর কমেডির সংখ্যা হঠাৎই বেড়ে গেল।”
তবে এই ধরনের অনুকরণে কাজ হবে না বলেই মনে করেন করণ। তাঁর মতে, “এই ছবিগুলো চলেছিল কারণ এদের কনটেন্ট খুব শক্তিশালী ছিল। এই ধারাগুলিতে যখন প্রথম ছবি আসে, তা একেবারে নতুন ধরণের চিন্তাভাবনা নিয়ে হাজির হয়। অনুকরণে সেই মৌলিকত্ব থাকে না।”
বর্তমানে অনেক প্রযোজনা সংস্থা নিজেদের ‘ইউনিভার্স’ তৈরি করছে—যেমন স্পাই ইউনিভার্স, কপ ইউনিভার্স। এই প্রসঙ্গে করণ বলেন, “কেউ একদিন আমায় জিজ্ঞাসা করেছিল, ‘আপনার কি কোনও ইউনিভার্স আছে?’ আমি বলেছিলাম, ‘আমার ইউনিভার্স সিনেমা।’ আমি এখানে ইউনিভার্স তৈরি করতে আসিনি, আমি এসেছি গল্প বলতে। যদি গল্পে কোনও ইউনিভার্স তৈরি হয়, তবে অবশ্যই তা থাকবে। কিন্তু সেটাই উদ্দেশ্য নয়।”