ঐন্দ্রিলা সেনের জন্মদিনেই এই জল্পনার সূত্রপাত। এদিন দুপুরে অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁদের একসঙ্গে কাটানো নানা মিষ্টি মুহূর্তের ছবি।

শেষ আপডেট: 31 March 2026 16:31
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)-এর বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। এক যুগেরও বেশি সময়ের বন্ধুত্ব ও সম্পর্ক, সব মিলিয়ে প্রায় পনেরো বছরের পথচলার পর কি তবে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা যুগল?
ঐন্দ্রিলা সেনের জন্মদিনেই এই জল্পনার সূত্রপাত। এদিন দুপুরে অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁদের একসঙ্গে কাটানো নানা মিষ্টি মুহূর্তের ছবি। সঙ্গে একটি আবেগঘন বার্তা, যেখানে তিনি লিখেছেন—১৫ বছরের সম্পর্ক, আরও বহু বছর একসঙ্গে থাকার অঙ্গীকার, আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর জীবনের বিশেষ মানুষটিকে।
তবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টের শেষ লাইনটি। সেখানে অঙ্কুশ মজার ছলে লেখেন, ভবিষ্যতে তাঁদের সন্তানরা যেন জন্মেই তাঁদের ‘দাদু-দিদা’ বলে না ডাকে, তাই বেশি দেরি করা ঠিক হবে না। এই মন্তব্য ঘিরেই নেটমাধ্যমে শুরু হয়েছে তুমুল জল্পনা—তাহলে কি চলতি বছরেই বিয়ের সুখবর দিতে চলেছেন তাঁরা?
অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাঁদের বন্ধুত্ব। দীর্ঘ সময় ধরে একে অপরের পাশে থাকা, জীবনের সাফল্য ও ব্যর্থতার মুহূর্ত ভাগ করে নেওয়া—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক অনুরাগীদের কাছে এক অনন্য উদাহরণ।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি কেউই, তবুও অনুরাগীদের আশা—খুব শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এখন দেখার, এই জল্পনা আদৌ সত্যি হয় কি না, নাকি আরও কিছুটা অপেক্ষা করতেই হবে ভক্তদের।