মনে করিয়ে দেওয়া যাক, পুজোর এই নির্লজ্জ ডামাডোলের পর টলিপাড়ায় প্রযোজক, ফেডারেশন, ইম্পার মাথাদের নিয়ে গঠিত হয়েছে 'স্ক্রিনিং কমিটি'। বাংলা ছবির প্রাইম টাইম শো, শো'র সমবণ্টন, সর্বোপরি বাংলা ছবির গুণগত ও বক্সঅফিসগত উত্তরণই এই কমিটির কাজ।

শেষ আপডেট: 23 December 2025 20:51
বিহঙ্গী বিশ্বাস
কথায় বলে সব ভাল যার শেষ ভাল! এতদিন ভালোয় ভালোয় সব মিটলেও বড়দিনের আগেই শুরু হয়ে গেল হল না পাওয়ার অন্তর্ঘাত! সৌজন্যে মঙ্গলবারের বারবেলায় অভিনেতা-প্রযোজক দেব অধিকারীর (Dev adhikari) এক পোস্ট।
গলায় ঝরে পড়েছে অভিমান, পোস্টে লেখা, "এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমাহলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমাহলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে।"
ফিরে যাওয়া যাক মাস দুয়েক আগে। পুজোর আবহে মুক্তি পেয়েছিল চার-চারটে বাংলা ছবি। টলিউডের অন্দরে লুকিয়ে থাকা প্রতিযোগিতার চোরাস্রোত আর গোপনে থাকেনি। আগল ভেঙে সামনে এসে সে এক যাচ্ছেতাই কাণ্ড। বাংলা ইন্ডাস্ট্রির শব্দভাণ্ডারে যোগ হয়েছিল কিছু নয়া কয়নেজ। এই যেমন, 'মাফিয়া ম্যান, জানলা প্রোডাকশন'-- আরও কত কী! সময় এগিয়েছে, পরিস্থিতি থিতিয়েছে। 'আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি' পালাও সাঙ্গ হয়েছে! কিন্তু বিধির বিধান খন্ডাবে কে! ছবি মুক্তির দুই দিন আগে আবার সেই অভিযোগ, অভিঘাত, অভিমানের পালা!

দেব যে সিনেমাহলের ছবিটি শেয়ার করেছিলেন তা নবীনা প্রেক্ষাগৃহের। শহরের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল এটি। খোঁজ নিয়ে জানা গেল, বড়দিনের মরসুমে এই হলে বাকি দুই ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' আর 'মিতিনমাসি' দেখানো হলেও দেখা যাবে না 'প্রজাপতি ২'।
দেবের ক্ষোভ নিয়ে দ্য ওয়ালের পক্ষ থেকে হল মালিক নবীন চৌখানিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ রকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য হলে প্রজাপতি ২ আছে। সেখানে আবার বাকি দুই ছবি নেই। আর দেব কেন এই পোস্ট করেছেন তা তো আমি জানি না। উনিই ভাল বলতে পারবেন। যে দু'টি ছবি আমার হলে চলবে সে দু'টির অগ্রীম বুকিং ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। পারফরম্যান্স দেখে আমি আশাবাদী।"
এমন কোন হল রয়েছে কলকাতায় যেখানে প্রজাপতি ২ আছে বাকি দুই নেই? আবার খোঁজ নিয়েছিল দ্য ওয়াল। জানা গেল, ' প্রিয়া' সিনেমা হলে দেখা যাচ্ছে এই দৃশ্য। সেখানে 'প্রজাপতি ২' দেখানো হলেও বাকি দুই বাংলা ছবি নেই। যোগাযোগ করা হয়েছিল সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্তের সঙ্গে। তিনি বলেন, "প্রজাপতি ২-এর দু'টি শো রয়েছে প্রিয়াতে। বাকি দুই ছবির নেই। সমতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।"

মনে করিয়ে দেওয়া যাক, পুজোর এই নির্লজ্জ ডামাডোলের পর টলিপাড়ায় প্রযোজক, ফেডারেশন, ইম্পার মাথাদের নিয়ে গঠিত হয়েছে 'স্ক্রিনিং কমিটি'। বাংলা ছবির প্রাইম টাইম শো, শো'র সমবণ্টন, সর্বোপরি বাংলা ছবির গুণগত ও বক্সঅফিসগত উত্তরণই এই কমিটির কাজ। আর এই সমবণ্টনের সূত্র ধরেই প্রধান প্রধান সিনেমা হলগুলিতে একসঙ্গে তিনটে বাংলা ছবি প্রায় চলছে না বললেই চলে।
এ প্রসঙ্গে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্ক্রিনিং কমিটিতে ঠিক হয়েছিল বাংলা ছবির সমবন্টন হবে। সব ছবিকেই জায়গা দিতে হবে। সেই কারণেই হল মালিকেরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন।" প্রজাপতি ২ 'প্রিয়া', 'মেনকা'তে দেখানো হচ্ছে প্রাইমটাইমে। নবীনাতে প্রজাপতি ২ নেই। বাকি দুই ছবি আছে।
কিন্তু অভিমান বড় দায়! দেব মুখ খুলেছেন, বাকিদের মনেও চাপা ক্ষোভ। আখেরে বাংলা ছবির অগ্রগতিই কি ব্যাহত হচ্ছে না? আরও একবার অন্তর্দলীয় সংঘাতই কি আসছে না প্রকাশ্যে? উঠছে প্রশ্ন। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
