ভাইরাল হল আহান পাণ্ডে ও তারা সুতারিয়ার পুরনো ছবি, যেখানে দেখা যাচ্ছে প্রেমের প্রস্তাবের মতো মুহূর্ত। নতুন করে মাথাচাড়া দিল প্রেমের গুজব।

তারা সুতারিয়া ও আহান পাণ্ডে
শেষ আপডেট: 24 July 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: মোহিত সুরির ‘সইয়ারা’ দিয়ে বলিউডে পা রেখেছেন আহান পাণ্ডে। সিনেমা মুক্তির পর তাঁর অভিনয় নিয়ে চলছে প্রশংসা। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পুরনো ছবি, যেখানে তিনি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে রয়েছেন! ব্যাস! আর কী, সঙ্গে সঙ্গে গুজবের ঢল। প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন আহান?
ছবিটি রেডিটে শেয়ার হওয়ার পর থেকেই চর্চা শুরু। ক্যাপশনে নেই কিছু, তবে ছবিতে দেখা যাচ্ছে আহানকে, তারার হাত ধরে রয়েছেন, আর লাজুকভাবে হাসছেন তারা। বোঝাই যাচ্ছে, বহু বছর আগের মুহূর্ত। তখন দু’জনেই কম বয়সী।
এই ছবি দেখে আবারও মাথাচাড়া দিয়েছে তাঁদের পুরনো সম্পর্কের গুজব। যদিও কখনওই কেউ প্রকাশ্যে স্বীকার করেননি তাঁদের মধ্যে প্রেম ছিল। তবুও এই ভাইরাল মুহূর্ত দেখে নেটিজেনদের কল্পনায় ফের দানা বাঁধছে সেই প্রশ্ন।
এদিকে অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার শ্রুতি চৌহান সম্প্রতি ইনস্টাগ্রামে আহানকে উদ্দেশ করে একটি আবেগঘন বার্তা লেখেন, “যে ছেলেটা সারা জীবন এই স্বপ্নটাই দেখে এসেছে, আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য গর্বিত।” অনেকেই একে প্রেমের ঘোষণা ভেবে বসেছেন।
তবে আহানের টিম জানিয়ে দিয়েছে, তিনি এই মুহূর্তে সিঙ্গল। পাশাপাশি ঘনিষ্ঠ সূত্রের দাবি, শ্রুতি ও আহানের বন্ধুত্ব এক দশকের পুরনো এবং সেটা শুধুই বন্ধুত্ব।
এইসব জল্পনার মধ্যেও মানুষের চোখ ঠিকই পড়ছে ‘সইয়ারা’র দিকেও। যেখানে ‘কৃষ কাপুর’-এর চরিত্রে আত্মপ্রকাশ করেছেন আহান। বক্স অফিসে ইতিমধ্যেই ১৩০ কোটির ঘর পার করেছে ছবিটি। আহানের আত্মবিশ্বাসী অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তাঁর বিপরীতে দেখা গিয়েছে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-খ্যাত অনীত পাড্ডাকে।