২০০৮ সালের প্রথম আইপিএলে দল কেনার সুযোগ পেয়েছিলেন সলমন খান। শাহরুখ দলে বিনিয়োগ করলেও কেন নিজে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন ভাইজান নিজেই।

সলমন খান ও শাহরুখ খান
শেষ আপডেট: 11 August 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জোয়ার উঠেছিল, তখন সলমন খানকেও এক দলে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে নিজেই জানালেন বলিউডের ভাইজান— সেই সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি স্বেচ্ছায়, আর তাতে তাঁর বিন্দুমাত্র আফসোস নেই। সলমনের ভাষায়, “আইপিএল শুরু হওয়ার সময় আমাকে একটি দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তা নিইনি। এখনও মনে করি, সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আমি বরং খুশি।”
ইভেন্টে তাঁকে ভবিষ্যতে দল কেনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সলমন রসিকতা করে বলেন, “আইপিএলের জন্য আমি এখন অনেকটাই বুড়ো হয়ে গেছি।” তবে স্বীকার করলেন, ২০০৮ সালে চাইলে তিনি সহজেই একটি দলের মালিক হতে পারতেন। ফলত, ক্রিকেটপ্রেমীরা কখওই দেখতে পেল না ক্রিকেট মাঠে সলমন বনাম শাহরুখের লড়াই, যা হয়তো আইপিএলের অন্যতম আকর্ষণ হতে পারত।
সলমন পা না রাখলেও, একই বছরে বলিউডের একাধিক তারকা আইপিএলে যোগ দিয়েছিলেন। শাহরুখ খান ও জুহি চাওলা মালিক কলকাতা নাইট রাইডার্স (তিনবারের চ্যাম্পিয়ন), প্রীতি জিন্টা সহ-মালিক পাঞ্জাব কিংস (২০২৫ সালের ফাইনালিস্ট), আর শিল্পা শেট্টি যুক্ত রাজস্থান রয়্যালসের সঙ্গে (প্রথম আসরের চ্যাম্পিয়ন)।
এদিকে সলমন এখন ব্যস্ত তাঁর পরবর্তী ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর প্রস্তুতিতে। আগের ছবি 'সিকান্দার' বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর এবার নতুন প্রজেক্টে একেবারে জীবনযাত্রার ধারা বদলে ফেলেছেন তিনি। ৫৯ বছর বয়সেও শরীরচর্চায় কঠোর পরিশ্রম করছেন, কঠিন ডায়েট মেনে চলছেন, ছাড়ছেন মদ্যপান ও ফাস্ট ফুড, সবই পর্দায় সেরা রূপে ফেরার লক্ষ্যে।