পরিচালকের এই পোস্টে নস্টালজিয়ায় ভেসেছেন দর্শকরাও। কিন্তু এজ এত বছর পর কীসের কথা মনে পড়ল করণের?

করণ জোহর
শেষ আপডেট: 11 August 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: ২০০৬ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত মাল্টিস্টারার ছবি ‘কাভি আলবিদা না কেহনা’, যেখানে একসঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায় ও কিরণ খের। ১৯ বছর পর সেই ছবির শুটিংয়ের কিছু অমূল্য মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে আবেগঘন পোস্ট করলেন পরিচালক।
বিয়ের সম্পর্কে ভাঙন, তৃতীয় ব্যক্তির আগমন এবং নতুন সম্পর্কের জটিল সমীকরণ, এই সাহসী বিষয় নিয়েই ছিল করণের পরিচালিত তৃতীয় ছবিটি। এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় দেখা গেল শুটিং ফাঁকে তারকাদের হাসি-ঠাট্টা, খুনসুটি, আর পর্দার বাইরে জমে ওঠা বন্ধুত্বের গল্প। কখনও প্রীতিকে দৃশ্যের ব্যাখ্যা দিচ্ছেন করণ, কখনও রাস্তার মাঝেই মজা করছেন অভিষেক, আবার কখনও অভিনেত্রীদের সঙ্গে হালকা মুহূর্তে ব্যস্ত পরিচালক নিজেও।
ভিডিওর সঙ্গে করণ লিখেছেন, "কিছু প্রেমের গল্প সময়কে ছাড়িয়ে যায়, আর প্রথম দিনের মতোই আজও তাদের শক্তি অটুট থাকে। ‘কাভি আলবিদা না কেহনা’ আমার কাছে সেই শক্তির প্রতীক। এটি আমার তৃতীয় ছবি, আর এমন অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করতে পেরে আমি বারবার অনুপ্রাণিত হয়েছি। সেই সব দিনের কথা আমি কোনওদিন ভুলতে পারব না।”
পরিচালকের এই পোস্টে নস্টালজিয়ায় ভেসেছেন দর্শকরাও। দুই দশকের কাছাকাছি সময় পেরিয়েও ছবির গল্প, সংলাপ আর আবেগ যেন আজও একইভাবে মন ছুঁয়ে যায়।