সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের মজার ‘আধুনিক যুগের ডিডিএলজে’ ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রে এই জুটি, জানুন তাঁদের গল্প ও নতুন বার্তা।

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল
শেষ আপডেট: 11 August 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর গত বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী রয়েছেন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। যদিও একাধিক সাক্ষাৎকারে তিনি বারবার জানিয়েছেন, তাঁর জীবন সুখেই কাটছে। তবে কৌতূহলের জট যেন কাটছেই না।
বিয়ের সময় দুই পরিবারের মধ্যেও কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে জয় হয়েছিল ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি নয়, সোজা আইনি প্রক্রিয়াতেই সম্পন্ন হয় তাঁদের বিবাহ।
সোশ্যাল মিডিয়ায় এই জুটির মজার মুহূর্ত দেখার জন্য ভক্তরা মুখিয়ে থাকেন। মাঝেমধ্যেই একে অপরকে চমকে দেন তাঁরা। জাহিরের রসিকতার জবাবে সোনাক্ষীও কম যান না, সুযোগ পেলে তিনিও মজার ছলে ভয় দেখিয়ে দেন স্বামীকে।
সম্প্রতি সোনাক্ষী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এমনই এক মুহূর্ত, যার নাম দিয়েছেন, ‘আধুনিক যুগের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে বসে নিজের কাজে মগ্ন অভিনেত্রীকে। ট্রেন তখনও প্ল্যাটফর্ম ছাড়েনি। হঠাৎ জানলার কাচে টোকা, চমকে তাকিয়ে দেখেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাহির, যিনি তাঁকে না জানিয়েই এসেছেন। এই মিষ্টি চমক নিজের মধ্যেই আটকে রাখেননি সোনাক্ষী, ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
বিয়ের ছ’মাস না যেতেই শত্রুঘ্ন সিনহা-কন্যার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি দু’জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতে দেখাও গিয়েছিল। যদিও প্রতিবারই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এবার তিনি জানালেন, এসব নিয়ে মাথা ঘামানোর নতুন পথ খুঁজে পেয়েছেন।
তাঁর কথায়, "তুমি যা-ই করো, মানুষ কিছু না কিছু বলবেই। আমি যদি বলি সাদা পোশাক পরেছি, কেউ বলবে, না, এটা কালো। কেউ না কেউ সবসময় তোমাকে চ্যালেঞ্জ করবে। তাই নিজের মতো জীবন চালিয়ে যাও। ছোটখাটো কথায় মনোযোগ দিলে এগোনো যাবে না।"