‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয়। মাসিক কোনও সাবস্ক্রিপশন ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েছেন সঞ্জয় ও তামান্না। মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল জানাচ্ছে, মহাদেব অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত ওই অ্যাপ। তাই তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তেরা মহাদেব বেটিং অ্যাপের হয়েই প্রচার চালিয়েছেন।
সাইবার আধিকারিকরা বলছেন, এই অ্যাপ ও মহাদেব বেটিং প্ল্যাটফর্মে সঙ্গে তারকাদের সমীকরণ কেমন তা জানতে চাওয়া হবে। অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল কি না, সেই তথ্য অনুসন্ধান করতে চান তদন্তকারীরা। গত কয়েক মাস ধরে মহাদেব অনলাইন বুক নামে অনলাইন লটারি সংস্থার কারচুপি নিয়ে তদন্ত করছে ইডি। এই কারচুপির নেপথ্যে রয়েছেন সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল। গোটা দুনিয়ায় সক্রিয় তাঁদের এই অনলাইন বেটিং চক্র। সংস্থার সদর দফতর রয়েছে দুবাইয়ে। সেখানে বসেই সারা দুনিয়ায় কাজ চলে বলে খবর।


