একাধিক ভেন্যু জুড়ে টানা ছ’দিন ধরে চলবে সিনেমা-উৎসব। বিশ্বের ৩২টি দেশের ছবি নিয়ে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে জায়গা পেয়েছে ২৫০টিরও বেশি নির্বাচিত ছবি।

শেষ আপডেট: 19 December 2025 22:02
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) ২০২৬ শুরু হতে চলেছে আগামী জানুয়ারিতে। একাধিক ভেন্যু জুড়ে টানা ছ’দিন ধরে চলবে সিনেমা-উৎসব। বিশ্বের ৩২টি দেশের ছবি নিয়ে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে জায়গা পেয়েছে ২৫০টিরও বেশি নির্বাচিত ছবি।
ফেস্টিভ্যালের সূচনা হবে ২০ জানুয়ারি, অ্যাডামাস ইউনিভার্সিটিতে। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন সুমন মৈত্র, অনিমেষ গাঙ্গুলী, অশোক রায়, ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও থাকবেন চ্যান্সেলর, ডিন ও অধ্যাপকরা। এই দিন থেকেই শুরু হবে সেমিনার ও স্ক্রিনিং।

২১ জানুয়ারি, অনুষ্ঠান স্থানান্তরিত হবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। সেখানে আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস, সেমিনার ও ফিল্ম স্ক্রিনিং। মাস্টারক্লাস নেবেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। সেমিনারে অংশ নেবেন নন্দিনী ভট্টাচার্য, অপরাজিতা ঘোষ, অনিমেষ গাঙ্গুলী, অশোক রায়, সৌরভ চক্রবর্তী, শাশ্বতী গুহ চক্রবর্তী-সহ আরও অনেকে। এখানেও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন।
ফেস্টিভ্যালের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ জানুয়ারি, কলকাতার রোটারি সদনে। এই তিন দিনে চলবে স্ক্রিনিং, সিনিব্রিজ প্রোগ্রাম, ট্রেলার লঞ্চ, বিশেষ প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে জমজমাট হতে চলেছে এই পর্ব।
IKSFF ২০২৬-এর ইন্টারন্যাশনাল প্যানোরামা, ন্যাশনাল প্যানোরামা ও বেঙ্গল প্যানোরামার সম্পূর্ণ প্রোগ্রাম লাইন-আপ জানুয়ারি ২০২৬-এ একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করা হবে।
ফেস্টিভ্যালের অ্যাডভাইসরি টিমে রয়েছেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, অর্ঘ্যকমল মিত্র, অধ্যাপক ড. মোহন দাস, জয়া শীল ঘোষ, অনিমেষ গাঙ্গুলী, অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়, পার্থ চক্রবর্তী, ফল্গুনী চট্টোপাধ্যায়, অশোক রায়, রানা বসু ঠাকুর, মানস বসু, সুমন মৈত্র, পণ্ডিত মল্লার ঘোষ, পার্থপ্রতিম মুখোপাধ্যায়, অলোক সান্যাল, গৌতম চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, দেবালয় ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত, দেবরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস আচার্য, সন্দীপন রায় ও নবরুণ বসু।
এ বছর ফেস্টিভ্যালে জমা পড়ে ৩০০-র বেশি ছবি। তার মধ্যে ২৫০টিরও বেশি ছবি অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক বিভাগে ইজরায়েল, রাশিয়া, তাইওয়ান, আমেরিকা ও মেক্সিকোর ছবি জায়গা পেয়েছে। জাতীয় বিভাগে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের উল্লেখযোগ্য কাজ। পাশাপাশি বেঙ্গল ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে একাধিক সমসাময়িক বাংলা ছবি।
এছাড়াও শর্ট ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট এবং বিজ্ঞাপনচিত্র - বিভিন্ন ফরম্যাটের নির্বাচিত কাজও দেখানো হবে ফেস্টিভ্যালে। IKSFF কর্তৃপক্ষের দাবি, গল্প বলার বৈচিত্র্য এবং আন্তর্জাতিক অংশগ্রহণ, দুই মিলিয়েই ২০২৬-এর আসর হতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য।