স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে এতদিন পরে কী বললেন তাপসী পান্নু?

তাপসী পান্নু
শেষ আপডেট: 22 February 2026 13:12
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগে এবং বিয়ের পর, এই দুই জীবনের ফারাক অনেকের কাছেই বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক, নতুন পরিবেশ— সব মিলিয়ে জীবন যেন একেবারে অন্য মোড় নেয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নিজের পরিচিত বাড়ি ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পরিবারে মানিয়ে নেওয়ার বিষয়টি সহজ নয়। তবে এই চেনা ছবির বাইরে একেবারেই অন্য অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর কথায়, বিয়ের পর জীবনে তেমন কোনও বদলই আসেনি।
২০২৩ সালে ড্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাপসী। তবে এই বিয়ের আগে প্রায় এক দশক ধরে তাঁদের সম্পর্ক ছিল, যা দীর্ঘদিন ধরেই ছিল আড়ালে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহিত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তাপসী জানিয়েছেন, কেন এত মানুষের মধ্যে থেকে তিনি মাথিয়াসকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন, এবং কেন বিয়ের পর তাঁর জীবনে বিশেষ কোনও পরিবর্তন ঘটেনি।
অভিনেত্রীর কথায়, “মাথিয়াস কখনও আমাকে আলাদা করে কোনও চাপ অনুভব করতে দেয়নি। বিয়ের পরেও আমার জীবন আগের মতোই রয়েছে। এমনও হয়েছে, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমি বিবাহিত।”
তাপসী আরও জানান, বিয়ের আগে তিনি মাথিয়াসের কাছে একটি শর্তই রেখেছিলেন— বিয়ের পর তাঁদের সম্পর্ক বা জীবনযাত্রায় যেন অপ্রয়োজনীয় কোনও পরিবর্তন না আসে। তাঁর বিশ্বাস, বিয়ে মানে শুধুমাত্র সামাজিক স্বীকৃতি নয়, বরং সারাজীবনের একটি অঙ্গীকার। তবে একই সঙ্গে তিনি এমন কোনও সঙ্গী চাননি, যিনি তাঁর কথামতো সবকিছু করবেন।
তাপসীর মতে, দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক টিকে থাকার অন্যতম কারণ হল— তাঁরা দু’জনেই বাস্তবকে মেনে চলতে জানেন এবং একে অপরকে নিজের মতো থাকার স্বাধীনতা দেন। তাই বিয়ের পর নতুন কোনও চাপ নয়, বরং একই ছন্দেই এগিয়ে চলেছে তাঁদের জীবন।