১৮ মার্চ সারা দেশের কিছু নির্বাচিত প্রেক্ষাগৃহে পেইড প্রিভিউ শো হবে, আর ১৯ মার্চ ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে। কিন্তু তার আগেই এই প্রিভিউ শোগুলোর টিকিট বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে—এমনকি আকাশছোঁয়া দামেও।

শেষ আপডেট: 10 March 2026 12:33
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির এখনও বাকি আট দিন। তবে তার আগেই ‘ধুরন্ধর ২’ ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’(Dhurandhar 2) মুক্তির আগেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার পথে। ১৮ মার্চ সারা দেশের কিছু নির্বাচিত প্রেক্ষাগৃহে পেইড প্রিভিউ শো হবে, আর ১৯ মার্চ ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে। কিন্তু তার আগেই এই প্রিভিউ শোগুলোর টিকিট বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে—এমনকি আকাশছোঁয়া দামেও।
জানা গিয়েছে, ১৮ মার্চ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রিভিউ শো শুরু হবে। অনেক প্রেক্ষাগৃহে বিকেল চারটে বা পাঁচটা থেকেই একাধিক শো রাখা হয়েছে। কিন্তু দর্শকদের অবাক করেছে টিকিটের দাম। মেট্রো শহরগুলির বেশ কিছু মাল্টিপ্লেক্সে সাধারণ ফরম্যাটের টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। আইম্যাক্স শোগুলোর ক্ষেত্রে অনেক জায়গায় টিকিটের দাম ১০০০ টাকারও বেশি।
সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে মুম্বইয়ের বোরিভালির আইনক্স মেগাপ্লেক্স (INOX Megaplex)-এ। সেখানে রিক্লাইনার সিটের টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৩১০০ টাকায়। অন্যদিকে দিল্লির পিভিআর (PVR Select City Walk)-এ রিক্লাইনার সিটের দাম প্রায় ২৪০০ টাকা। আশ্চর্যের বিষয়, এত দাম থাকা সত্ত্বেও বেশিরভাগ প্রিভিউ শোর টিকিট ইতিমধ্যেই প্রায় বিক্রি হয়ে গিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ছবিটির হিন্দি ভার্সনের গড় টিকিট মূল্য প্রায় ৪১৮ টাকা। ডলবি সাইনেমা ফরম্যাটে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৫৯ টাকা। ডাব করা সংস্করণগুলিতেও টিকিটের দাম বেশ চড়া। কন্নড় ভার্সনের গড় টিকিট মূল্য প্রায় ৪৪৫ টাকা এবং তেলুগু সংস্করণে প্রায় ২৩০ টাকা। তবে তামিল সংস্করণে মূল্যসীমা থাকায় সেখানে গড় টিকিটের দাম তুলনামূলকভাবে কম, প্রায় ১৬৬ টাকা।
অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় তুলেছে এই ছবি। প্রিভিউ শোর আট দিন আগেই ভারতে প্রায় তিন লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর ফলে দেশীয় বক্স অফিসে আগাম বুকিং থেকেই প্রায় ১৫ কোটি টাকা আয় করেছে ছবি। ইতিমধ্যেই এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের প্রিমিয়ার শোগুলির একটি হয়ে উঠেছে। এমনকি ২৫ কোটির রেকর্ড ভাঙার সম্ভাবনাও দেখছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে রণবীর সিং (Ranveer Singh)-কে, যিনি এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আর. মাধাবন (R. Madhavan), অর্জুন রামপাল (Arjun Rampal), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সারা অর্জুন (Sara Arjun) সহ আরও অনেকে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই সিরিজের প্রথম ছবি বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এবং বলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবির তালিকায় জায়গা করে নেয়। সেই সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়েও দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। এখন দেখার, মুক্তির পর বক্স অফিসে ঠিক কতটা ঝড় তোলে ধুরন্ধর ২।