সূত্রের খবর, প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ঠিক করেছে, সিনেমা রিলিজের আগে কোনও মঞ্চে বা কোনও প্রোমোশনাল ভিডিওতে একসঙ্গে দেখা যাবে না হৃতিক এবং এনটিআরকে। কারণ?

রিলিজের আগে মুখোমুখি হবেন না হৃতিক-এনটিআর
শেষ আপডেট: 2 July 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: ‘ওয়ার ২’ সিনেমা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চরমে। যশরাজ ফিল্মস-এর এই স্পাই ইউনিভার্সের ছবিতে প্রথমবার মুখোমুখি হতে চলেছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। দুই সুপারস্টারের সংঘর্ষ দেখা যাবে পর্দায়। তবে অবাক করার মতো বিষয়, সিনেমা মুক্তির আগে একবারের জন্যও একসঙ্গে প্রচারে দেখা যাবে না এই দুই তারকাকে।
সূত্রের খবর, প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ঠিক করেছে, সিনেমা রিলিজের আগে কোনও মঞ্চে বা কোনও প্রোমোশনাল ভিডিওতে একসঙ্গে দেখা যাবে না হৃতিক এবং এনটিআরকে। কারণ? প্রযোজনা সংস্থা চাইছে, প্রথম সাক্ষাৎ যেন দর্শক শুধুমাত্র বড় পর্দাতেই দেখতে পান।
নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র ট্রেড অ্যানালিস্টের কথায়, ‘‘হৃতিক এবং এনটিআর-এর মুখোমুখি হওয়া ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল ঘটনা। তাই বড় পর্দার জন্যই তা তোলা থাক। সিনেমার ইউএসপি তাঁদের সংঘর্ষ। সেটা আগে প্রকাশ হলে সিনেমার আকর্ষণ কমে যেতে পারে।’’
প্রসঙ্গত, ‘ওয়ার ২’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’-এর সিক্যুয়েল যা যশরাজের স্পাই ইউনিভার্সের অংশ। এর আগেও ‘পাঠান’ ছবির সময় কোনও ইন্টারভিউ বা প্রচার হয়নি। তবুও সেই সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়েছিল।
এই ছবির পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কিয়ারা আডবানি। আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আগেই বড় পর্দায় মুক্তি পাবে ‘ওয়ার ২’। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ, হৃতিক বনাম এনটিআর—যার সাক্ষী থাকবে গোটা দেশ।