দিল্লির কনসার্টে হানি সিং-এর অশালীন মন্তব্য নেটদুনিয়ায় ঝড় তুলেছে। দর্শকরা উল্লাস করলেও সাধারণ মানুষ স্তম্ভিত।

হানি সিং
শেষ আপডেট: 15 January 2026 17:37
দ্য ওয়াল ব্যুরো: কোনও এক সময়ে গানের কথা নিয়ে, কখনও ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে, ইয়ো ইয়ো হানি সিংয়ের বিতর্ক যেন কখনও থামে না। এবার তিনি নিজেই সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছেন প্রকাশ্য কনসার্টের মঞ্চে।
ঘটনা ঘটেছে ১৪ জানুয়ারি, দিল্লিতে। হানি সিং পারফর্ম করার জন্য উঠেছিলেন মঞ্চে, উপস্থিত ছিলেন হাজার হাজার তরুণ-তরুণী। কিন্তু কনসার্টের মাঝেই হানি সিং হঠাৎই অশালীন মন্তব্য করতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, (যার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি) তিনি মাইক হাতে চিৎকার করে বলছেন, “দিল্লির ঠান্ডায় গাড়িতে সেক্স করার মজাই আলাদা। এনজয় করো গাইজ, তবে কনডম ব্যবহার করতে ভুলো না!” শুধু তাই নয়, কথার ফাঁকেও বারবার কুরুচিকর গালাগালি দিতে শোনা যায় তাঁকে।
ভিডিও ছড়িয়ে পড়ার পরই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের মতে, যিনি লক্ষ লক্ষ কিশোর-কিশোরীর জন্য আদর্শ, তাঁর মুখ থেকে এমন মন্তব্য কুরুচিকর ও সমাজবিরোধী। এক ইউজার লিখেছেন, “সাফল্য যখন মাথায় চড়ে বসে, তখন এমনই হয়। কয়েক বছর পর কামব্যাক করেও ওঁর স্বভাব বদলাল না।” আরেকজন মন্তব্য করেছেন, “পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কীভাবে একজন শিক্ষিত মানুষ এই ধরনের জঘন্য কথা বলতে পারেন?”
দর্শকরা যদিও কনসার্টে এই মন্তব্যে উল্লাস দেখিয়েছেন, তবু সাধারণ মানুষ যারা বাড়ির ড্রয়িংরুম থেকে বিষয়টি দেখেছেন, তারা স্তম্ভিত। অনেকে মনে করছেন, হানি সিং আজকাল বাদশা বা অন্যান্য র্যাপারদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বারবার এই ধরনের ‘চিপ পাবলিসিটি’র আশ্রয় নিচ্ছেন।
হানি সিংয়ের বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ নতুন নয়। এর আগেও তাঁর জনপ্রিয় গান ‘নাগিন’ নিয়ে বিজেপি নেতারা এফআইআর দায়েরের দাবি তুলেছিলেন। তবে এবারের ঘটনা সরাসরি মঞ্চে হওয়ায় বিতর্কের তাপ আরও বেড়ে গেছে।
এখনও পর্যন্ত হানি সিং বা তাঁর টিম থেকে এই মন্তব্যের জন্য কোনো ক্ষমা চাওয়া বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিল্লির মতো জনবহুল ও শিক্ষিত শহরে এই আচরণ নতুন করে শিল্পীদের সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন তুলে দিয়েছে।