মুম্বইয়ের কনসার্টে নাচতে নাচতেই মঞ্চ থেকে পড়ে গেলেন হানি সিং!

মুম্বইয়ের কনসার্টে হানি সিং
শেষ আপডেট: 31 March 2026 18:49
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুম্বইয়ে (Mumbai Concert) অনুষ্ঠিত হল জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের (Honey Singh) একটি জমজমাট কনসার্ট। অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই একাধিক কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই শো। একদিকে অভিনেত্রী সৌন্দর্য শর্মার পারফরম্যান্স নিয়ে বিতর্ক, অন্যদিকে এক ভক্তের গেট টপকে ঢোকার চেষ্টা—সব মিলিয়ে শুরু থেকেই আলোচনায় ছিল কনসার্টটি। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি ভাইরাল ভিডিও (Viral Video)।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে গান গাওয়ার মাঝেই এক ডান্সারের সঙ্গে নাচ করছিলেন হানি সিং। হাত ধরে নাচতে নাচতে স্টেজের একেবারে ধারের দিকে চলে আসেন তিনি। ঠিক সেই সময় আরও এক পা এগোতেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান হানি সিং। শুধু তিনি নন, সঙ্গে থাকা ডান্সারকেও নিয়ে পড়ে যান মঞ্চ থেকে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। অনেকেই ভিডিওটি দেখে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, আবার কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, মুম্বই কনসার্টে হানি সিং অল-হোয়াইট পোশাকে পারফর্ম করছিলেন, আর তাঁর সঙ্গে গোলাপি পোশাকে এক ডান্সার নাচ করছিলেন। ভিডিও সামনে আসতেই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মন্তব্য করেছেন, “সস্তার নেশা করে মঞ্চে উঠলে এই হয়।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, তিনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? যদিও নেটপাড়ার একাংশ দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে।
অন্যদিকে, এই কনসার্টে পারফর্ম করেন অভিনেত্রী সৌন্দর্য শর্মা। তাঁর নাচ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের অভিযোগ, তাঁর নাচে অশ্লীল অঙ্গভঙ্গি ছিল, যা মোটেই গ্রহণযোগ্য নয়। অনেকেই দাবি করেছেন, নাচটি হট নয়, বরং অত্যন্ত দৃষ্টিকটু ও অশোভন ছিল। অনুষ্ঠানে সৌন্দর্যকে সোনালি রঙের শিমারি পোশাকে দেখা যায় এবং হানি সিংয়ের গানের সঙ্গে মঞ্চে তাঁর নাচের ভিডিওও ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, মুম্বইয়ে হানি সিংয়ের এই কনসার্ট ঘিরে বিতর্ক থামার নাম নিচ্ছে না। জানা গেছে, বেআইনি লেজার আলোর ব্যবহারের অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া, অনুষ্ঠানে ভিড় সামলাতেও সমস্যায় পড়তে হয় আয়োজকদের। পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনার অভাব ছিল বলেও অভিযোগ উঠেছে। ফলে মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে কনসার্টে গেলেও দর্শকদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না বলেই মত অনেকের।