‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর পর অক্ষয় কুমারের সঙ্গে বিবাদের জেরে শিরোনামে পরেশ রাওয়াল। এবার গোটা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা।

‘হেরা ফেরি ৩’
শেষ আপডেট: 25 May 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর পর অক্ষয় কুমারের সঙ্গে বিবাদের জেরে শিরোনামে পরেশ রাওয়াল। এবার গোটা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন, তাঁর আইনজীবী এই প্রসঙ্গে যথাযথ উত্তর পাঠিয়েছেন।
পরেশ রাওয়াল এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “আমার আইনজীবী অমিত নায়েক ইতিমধ্যেই আমার প্রস্থান সংক্রান্ত প্রতিক্রিয়া পাঠিয়েছেন। সেটি পড়লেই সব প্রশ্নের উত্তর মিলে যাবে।”
একটি বলিউড হাঙ্গামা রিপোর্ট অনুযায়ী, ‘হেরা ফেরি ৩’-এর সাইনিং অ্যামাউন্ট হিসেবে পরেশ রাওয়াল ১১ লক্ষ টাকা নিয়েছিলেন। সিরিজ ছেড়ে দেওয়ার সময় তিনি সেই টাকা ফেরত দিয়েছেন। অভিনেতার মোট পারিশ্রমিক ছিল ১৫ কোটি টাকা। নির্মাতাদের দাবি, সাইনিংয়ের পর ট্রেলার শুটিং-সহ কিছু অংশের কাজও শুরু হয়েছিল। সেই অবস্থায় হঠাৎ পরেশ সিদ্ধান্ত বদলান।

অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ জানিয়েছে, চুক্তি ভঙ্গ করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের দাবি, “চুক্তি অনুযায়ী একাধিক খরচ ইতিমধ্যেই হয়ে গেছে—অভিনেতা, কলাকুশলী, লজিস্টিক ও ট্রেলার শুটিংয়ে। পরেশ রাওয়াল জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন তিনি যুক্ত রয়েছেন। এরপরই হঠাৎ সিদ্ধান্ত বদল আমাদের অবাক করেছে।”
প্রসঙ্গত, ‘হেরা ফেরি’ ও ‘ফের হেরা ফেরি’-তে বাবুরাও চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। কিন্তু তিনি কেন হঠাৎ তৃতীয় কিস্তি থেকে সরে দাঁড়ালেন, তা এখনও স্পষ্ট নয়।