ধর্মেন্দ্রর স্মরণসভায় কেন দেখা গেলেন না হেমা মালিনী ও তাঁর দুই মেয়েকে?

ফাইল চিত্র
শেষ আপডেট: 28 November 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণের পর তাঁর প্রথম পরিবার এবং দ্বিতীয় পরিবারের মধ্যে দূরত্ব আরও একবার স্পষ্ট হয়ে উঠল। প্রয়াত অভিনেতার দুই ছেলে সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওল (Bobby Deol) বাবার স্মরণে একটি প্রার্থনা সভার (Prayer Meet) আয়োজন করলেও, সেখানে ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী (Hema Malini) এবং তাঁদের দুই মেয়ে এশা দেওল (Esha Deol) ও আহানা দেওলকে (Ahana Deol) দেখা যায়নি।
বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হোটেলে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর (Prakash Kaur) এবং তাঁদের চার সন্তান সানি, ববি, বিজেতা ও অজীতা—'Celebration of Life' নামে এই স্মৃতিসভার আয়োজন করেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন হেমা মালিনী বা তাঁর মেয়েদের কাউকে সেখানে দেখা যায়নি। বরং, প্রায় একই সময়ে, হেমা মালিনীর বাড়িতে পণ্ডিতকে ঢুকতে দেখা যায়।
পরে অভিনেতা সুনীতা আহুজা (স্ক্রিন পত্রিকাকে) নিশ্চিত করেন যে, হেমা মালিনী তাঁর বাড়িতেই শ্রীমদ ভগবদ গীতা পাঠের আয়োজন করেছিলেন।
ধর্মেন্দ্রর প্রয়াণের পর বৃহস্পতিবারই হেমা মালিনী 'এক্স' (X)-এ একটি পোস্ট করে প্রয়াত স্বামীকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, "ধরম জি... তিনি আমার জন্য অনেক কিছুই ছিলেন। একজন প্রেমময় স্বামী, আমাদের দুই মেয়ে এশা ও আহানার আদরনীয় বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি, সব প্রয়োজনের সময়ে আমার 'গো টু' ব্যক্তি—আসলে তিনি আমার কাছে সবকিছুই ছিলেন!"
সানি এবং ববি দেওলের আয়োজিত প্রার্থনা সভাটি বিকেল ৫:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এই সময় তাঁদের প্রথম স্ত্রী পক্ষের পুরো পরিবার এবং নাতি-নাতনিরা (করণ ও রাজবীর) উপস্থিত ছিলেন। এছাড়া বলিউড থেকে বহু তারকা শ্রদ্ধা জানাতে আসেন, যাঁদের মধ্যে ছিলেন ঐশ্বর্যা রাই, সলমন খান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেট্টি প্রমুখ।
উল্লেখ্য, ৮৯ বছর বয়সে ২৪ নভেম্বর ধর্মেন্দ্র প্রয়াত হন। ডিসেম্বরের ৮ তারিখ তাঁর ৯০তম জন্মদিন ছিল। অসুস্থতার কারণে তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি আনা হলেও, অবস্থার অবনতি হওয়ায় তাঁর প্রথম স্ত্রী ও ছেলেদের অনুরোধে ২৫ নভেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।