‘শোলে’ ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে হেমা মালিনী জানালেন, কীভাবে ধর্মেন্দ্রর সঙ্গে বাস্তবের প্রেম তাঁদের অনস্ক্রিন রসায়নকে আরও প্রাণবন্ত করেছিল।

‘শোলে’
শেষ আপডেট: 13 August 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম কালজয়ী ছবি ‘শোলে’ আগামী ১৫ই অগস্ট ৫০ বছর পূর্ণ করতে চলেছে। এই ছবিটি প্রথমদিকে ফ্লপ হলেও পরে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা হিটগুলোর মধ্যে একটি হিসেবে জায়গা করে নেয়। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিটি আজও দর্শকদের মনে গেঁথে আছে আমজাদ খানের 'গব্বর সিং' চরিত্র, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর বন্ধুত্ব, এবং বাসন্তী ও বীরুর চরিত্রে হেমা মালিনী ও ধর্মেন্দ্রর অনবদ্য রসায়নের জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হেমা মালিনী জানিয়েছেন, তাঁদের বাস্তব জীবনের প্রেম কীভাবে ছবির পর্দায় তাঁদের রসায়নকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছিল।
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, "আমি যেমন তাঁর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, তিনিও তেমনই ছিলেন। একসঙ্গে অনেক ছবিতে কাজ করার সুবাদে আমাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা সুখ-দুঃখের অনেক কিছুই ভাগ করে নিতাম। ধীরে ধীরে সেই বন্ধুত্বই ভালবাসায় পরিণত হয়, যা হয়তো ছবির পর্দাতেও প্রতিফলিত হয়েছে।" তিনি আরও বলেন, "এটা খুবই স্বাভাবিক, তাই না? একটি সুন্দর বন্ধুত্বই শেষ পর্যন্ত ভালবাসা এবং একে অপরের প্রতি যত্নে রূপান্তরিত হয়।"
'শোলে' ছবিতে দেখা যায় কীভাবে বাসন্তী ধীরে ধীরে বীরুর প্রেমে পড়ে। মজার বিষয় হল, পর্দার বাইরেও এই দুই তারকার মধ্যে প্রেম ছিল। এই ছবির সেটেই তাঁদের বন্ধুত্ব ভালবাসার মোড় নেয়। যদিও সেই সময় ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন এবং তাঁর সন্তানও ছিল।
হেমা মালিনী সেই সাক্ষাৎকারে 'শোলে' ছবির একটি বিখ্যাত দৃশ্যের শুটিংয়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, "মন্দিরের দৃশ্যটিই ছিল আমার প্রথম শট। এটা খুব মজার ছিল। বাসন্তী চরিত্রটি খুব সারল্যের সঙ্গে সবকিছু মেনে নিচ্ছিল এবং শিব ঠাকুরের সঙ্গে কথা বলছিল।" তিনি আরও জানান যে, "শুটিং বেশিরভাগই প্রচণ্ড গরমে আউটডোরে হতো। কর্ণাটকের রামনগরে যেখানে ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল, সেই জায়গাটা আজও অবিকল তেমনই আছে, সেখানে কোনো নতুন নির্মাণ করা হয়নি।"