১৫ অগস্ট ৫০ বছর পূর্ণ করল বলিউডের আইকনিক সিনেমা 'শোলে' (Sholay anniversary)। এই বিশেষ দিনে ছবিটির বাসন্তী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) ফিরে দেখলেন সেই দিনগুলো।

'শোলে'
শেষ আপডেট: 17 August 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: ১৫ অগস্ট ৫০ বছর পূর্ণ করল বলিউডের আইকনিক সিনেমা 'শোলে' (Sholay anniversary)। এই বিশেষ দিনে ছবিটির বাসন্তী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) ফিরে দেখলেন সেই দিনগুলো। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ছবিটির অ্যাকশন দৃশ্য ও নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন।
আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, "আমার অনেক ছবিতেই অ্যাকশন দৃশ্য ছিল। আমি যখন কোনও ছবিতে অভিনয় করতাম, তখন নির্মাতারা আমার জন্য বিশেষ করে মারপিটের দৃশ্য রাখতেন।"
'শোলে' প্রসঙ্গে তিনি বলেন, "শোলে'তে অনেক অ্যাকশন দৃশ্য ছিল, বিশেষ করে যখন আমি টাঙ্গা (ঘোড়ার গাড়ি) চালাতাম এবং ডাকাতরা আমাকে তাড়া করত। ছবিতে খুবই সুন্দর একটি চেজিং দৃশ্য আছে। আসলে এই ছবির প্রতিটি দৃশ্যই চলমান ছিল, কোনও দৃশ্য এক জায়গায় স্থির ছিল না।"
হেমা মালিনী জানান, ৫০ বছর পার করার পর এবার তিনি তাঁর নাতি-নাতনিদের সঙ্গে বসে ছবিটি দেখবেন। তিনি বলেন, "আমি মনে করি না যে তারা 'শোলে' দেখেছে। তবে এবার ৫০ বছর পূর্তি হওয়ায় আমি তাদের সবাইকে একদিন আমার বাড়িতে ডেকে আমার মিনি থিয়েটারে ছবিটি দেখাব, এটা নিশ্চিত।"
এছাড়াও, তিনি জানান যে শুরুতে তিনি এই ছবিতে কাজ করতে খুব একটা আগ্রহী ছিলেন না। 'সীতা ঔর গীতা'-র মতো হিট ছবিতে অভিনয়ের পর তাঁর মনে হয়েছিল 'শোলে'-তে তাঁর চরিত্রটি খুব ছোট।
হেমা মালিনী বলেন, "যখন রমেশ সিপ্পি 'সীতা ঔর গীতা'র পর আমাকে 'শোলে'-এর প্রস্তাব দেন, তিনি বলেছিলেন, 'এখানে আরও অনেক চরিত্র আছে, তুমিও তাদের মধ্যে একজন।' এটা শুনে আমি কিছুটা হতাশ হয়েছিলাম। আমার মনে হয়েছিল, কেন আমার জন্য শুধু একটি ছোট চরিত্র?"
তবে পরে পরিচালক তাঁকে বুঝিয়ে বলেন যে, এই চরিত্রটি ছবির ওপর অনেক বড় প্রভাব ফেলবে। পরিচালকের কথায় শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান।