টলিউডের সুপারস্টার দেব এখন সময় কাটাচ্ছেন ব্রিটিশ মাটিতে। সদ্যই লন্ডনের মনোরম লোকেশনে শেষ হল তাঁর আগামী ছবি ‘প্রজাপতি ২’-এর শুটিং। প্রথম ‘প্রজাপতি’ ছবির সাফল্যের পর থেকেই এই সিক্যুয়েল ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। আর এখন, ছবির শুটিং শুরু হতেই সেই আগ্রহ যেন দ্বিগুণ হয়ে উঠেছে।

দেব-জ্যোতির্ময়ী
শেষ আপডেট: 15 July 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের সুপারস্টার দেব এখন সময় কাটাচ্ছেন ব্রিটিশ মাটিতে। সদ্যই লন্ডনের মনোরম লোকেশনে শেষ হল তাঁর আগামী ছবি ‘প্রজাপতি ২’-এর শুটিং। প্রথম ‘প্রজাপতি’ ছবির সাফল্যের পর থেকেই এই সিক্যুয়েল ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। আর এখন, ছবির শুটিং শুরু হতেই সেই আগ্রহ যেন দ্বিগুণ হয়ে উঠেছে।
লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজ, নটিং হিল, কেমডেন মার্কেট— একের পর এক বিখ্যাত জায়গায় হয়েছে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। ক্যামেরার সামনে দেব ছিলেন পুরোপুরি মগ্ন চরিত্রে, কাজের প্রতি তাঁর নিষ্ঠাও ছিল চোখে পড়ার মতো। এবারও দেবের বিপরীতে দেখা যাবে টেলিপর্দার এক নতুন মুখ— ‘বঁধুয়া’ খ্যাত জ্যোতির্ময়ী কুণ্ডু। জীবনের প্রথম ছবিতেই টলিউডের প্রথমসারির নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার, স্বপ্নের থেকেও বেশি কিছু এই মুহূর্ত জ্যোতির্ময়ীর কাছে। আর লন্ডনের রোদঝলমলে আকাশের নিচে দেবের সঙ্গে একফ্রেমে ধরা দিয়ে সে স্বপ্নকে যেন আরও রঙিন করে তুলেছেন তিনি।
ছবির সেট থেকে দেব ও জ্যোতির্ময়ীর কয়েকটি ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেবের ফ্যানরা বলছেন, ‘সুপারস্টার যেন আগের থেকেও বেশি ইয়ং।’ অন্যদিকে, জ্যোতির্ময়ীর ক্যাপশনে লেখা, “এই মুহূর্তটার স্বপ্নই তো দেখতাম”— এই একটি বাক্যেই বোঝা যায়, টলিউডে নিজের প্রথম পদক্ষেপ তিনি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।
Hello London ….❤️ pic.twitter.com/WVOk0KljPG
— Dev (@idevadhikari) July 15, 2025
প্রসঙ্গত, গত কয়েক বছরে দেবের সঙ্গে টেলিপর্দার অভিনেত্রীদের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। ‘প্রজাপতি’ ছবিতে শ্বেতা ভট্টাচার্য, ‘প্রধান’-এ সৌমিতৃষা কুণ্ডুর পর এবার ‘প্রজাপতি ২’-তে জ্যোতির্ময়ী। ফলে, ছোট পর্দার নায়িকাদের টলিউডে নিয়ে আসার যে নতুন ধারা দেব শুরু করেছেন, তা আরও দৃঢ় হল। যদিও অনেকে দেব-ইধিকা পালের জুটিকে ঘিরেও নানা গুঞ্জন তুলেছেন, কারণ ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’-এ ইধিকার উপস্থিতি তাঁকে দেবের ‘লাক ফ্যাক্টর’ হিসেবে তুলে ধরেছে অনেকের চোখে। তাই ‘প্রজাপতি ২’-এ ইধিকার অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকলেও, শেষমেশ জানা যাচ্ছে— এই ছবিতেও ইধিকা আছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

দেব-জ্যোতির্ময়ী
পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন। তাঁর কথায়, “প্রজাপতি ২ মূল গল্পের ধারাবাহিকতায় হলেও, এবার চরিত্রগুলো আরও গভীর, আবেগময়। দেবের চরিত্রটা এবার এক নতুন জীবনের খোঁজে, আর লন্ডনের পটভূমি সেই যাত্রাকে দারুণভাবে সমর্থন করেছে।”
শোনা যাচ্ছে, এই ছবিতে চমক হিসেবে থাকবেন এক জনপ্রিয় ব্রিটিশ-ইন্ডিয়ান অভিনেত্রীও, যিনি দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যদিও প্রযোজনা সংস্থা এই নিয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে, শুটিংয়ের ফাঁকে দেবও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নানা বিহাইন্ড দ্য সিনস মুহূর্ত। ইনস্টাগ্রামে দেব লেখেন, “নতুন শহর, নতুন গল্প, মন কিন্তু সেই আগেরটাই” — যা নিমেষেই ভাইরাল হয়ে পড়ে।
সব মিলিয়ে টলিউডে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ‘প্রজাপতি ২’। দেব-জ্যোতির্ময়ী জুটির কেমিস্ট্রি, লন্ডনের লোকেশন, ছবির গল্পের নতুন মোড় আর একাধিক চমক— সবকিছু মিলিয়ে এই ছবি ঘিরে উত্তেজনা আকাশছোঁয়া। দর্শকদের জন্য সুখবর, এই প্রতীক্ষিত ছবি মুক্তি পাবে ২০২৫-এর শীতকালে। আর দেব-ভক্তদের কাছে এ যেন বছরের সবচেয়ে বড় উপহার!