সোমবার ব্র্যান্ডটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে এক নতুন মনোক্রোম টপিক্যাল।

আমূলের শেয়ার করা ছবি
শেষ আপডেট: 27 October 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ-র (Satish Shah)। এবার তাঁকে শ্রদ্ধা জানাল আমূল (Amul)। সোমবার ব্র্যান্ডটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Instagram) প্রকাশিত হয়েছে এক নতুন মনোক্রোম টপিক্যাল (Topical)। সেখানে লেখা—‘Hasaane Bhi Do Yaaro’। সঙ্গে ক্যাপশন, ‘আমূল টপিক্যাল: জনপ্রিয় কমেডি অভিনেতাকে শ্রদ্ধাঞ্জলি।’
৭৪ বছর বয়সে শনিবার কিডনি সংক্রান্ত সমস্যায় প্রয়াত হন সতীশ শাহ। রবিবার মুম্বইয়ের (Mumbai) ভিলে পারলে (Vile Parle)-র পবন হংস শ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য। সোমবার, অর্থাৎ ২৭ অক্টোবর, নির্ধারিত প্রার্থনা সভা। সেই প্রেক্ষিতেই শ্রদ্ধা জানাল আমূল।
ছবিটিতে দেখা যাচ্ছে, চেয়ারে বসা অবস্থায় সতীশ শাহ, পাশে তাঁর দুটি সবচেয়ে পরিচিত চরিত্র, ১৯৮৩ সালের ক্লাসিক ব্যঙ্গাত্মক ছবি 'জানে ভি দো ইয়ারো'–র (Jaane Bhi Do Yaaro) পৌর কমিশনার ডি’মেলো এবং ২০০৪ সালের জনপ্রিয় টিভি সিরিজ 'সারাভাই ভার্সেস সারাভাই'–এর (Sarabhai vs Sarabhai) অমর চরিত্র ইন্দ্রবদন সারাভাই। সাদাকালো ইলাস্ট্রেশনটির (Illustration) টেক্সট ডিজাইন সরাসরি ইঙ্গিত দেয় শাহের বহুমাত্রিকতা ও তাঁর নিখুঁত কমিক টাইমিংয়ের (Comic Timing) প্রতি।
চিত্রটির নীচে লেখা ‘সতীশ শাহ ১৯৫১-২০২৫।’
সতীশ শাহ ১৯৭৮ সালে অরবিন্দ দেশাইয়ের 'আজীব দাস্তাঁ'–র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। চার দশকের বেশি সময়জুড়ে তাঁর কেরিয়ারে ২৫০–রও বেশি সিনেমা- হম সাথ সাথ হ্যায় (1999), কাল হো না হো (2003), মুঝসে শাদি করোগি (2004), ওম শান্তি ওম (2007)—প্রতিটি কাজেই আলাদা মাত্রা এনেছেন। বিশেষত, হাস্যরসাত্মক চরিত্রে তাঁর সহজ স্বচ্ছন্দ অভিনয় তাঁকে দর্শকের কাছে ‘কমেডির প্রতিষ্ঠান’ বানিয়েছে তা বলাবাহুল্য।
টানা দু’দিন ধরে সৃজনশীল জগত হারিয়েছে দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে। শাহের একদিন আগে প্রয়াত হন বিজ্ঞাপনী জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডে (Piyush Pandey), বয়স হয়েছিল ৭০। তাঁর স্মরণেও রবিবার আমূল প্রকাশ করেছিল এক ব্ল্যাক অ্যান্ডহোয়াইট টপিক্যাল, যেখানে দেখা যায় পাণ্ডেকে তাঁর স্বাক্ষরিত গোঁফ ও কলম হাতে।
আমূলের এই শ্রদ্ধাজ্ঞাপন তাই কেবল অভিনেতা নয়, সৃজনশীল মানুষের প্রতি সম্মান। এক সংক্ষিপ্ত, কিন্তু ভাবনাসম্পন্ন নকশায় তারা জানিয়ে দিয়েছে, সতীশ শাহের মতো অভিনেতার অবদান সীমাবদ্ধ নয় কেবল কমেডিতে বরং তিনি ছিলেন এক অসামান্য পারফর্মার, যাঁর কাজ সময় পেরিয়ে বেঁচে থাকবে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম ধরে।