ক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি মুখোমুখি আদালতে, মাঝখানে সৌরভ শুক্লা—আর হঠাৎ ঢুকে পড়ল এক ছাগল!

‘জলি এলএলবি ৩’
শেষ আপডেট: 12 August 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কমেডি কোর্টরুম ড্রামার ভক্তদের জন্য সুখবর। ফিরে আসছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি, এবার আরও বেশি মজা আর নাটকীয়তা নিয়ে। অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি, দুই ‘জলি’ এবার মুখোমুখি আদালতের মঞ্চে, আর মাঝখানে বিচারকের আসনে সৌরভ শুক্লা।
মঙ্গলবার সকালে প্রকাশিত ‘জলি এলএলবি ৩’-এর প্রথম ঝলকেই স্পষ্ট, হাসির ডোজ এবার ডাবল হতে চলেছে। টিজারে দেখা গেল, আদালতের মধ্যে দুই জলির তুমুল বাকযুদ্ধ, যা সামলাতে হিমশিম খাচ্ছেন বিচারপতি ত্রিপাঠী (সৌরভ শুক্লা)। এর মধ্যেই কোর্টরুমে হঠাৎ ঢুকে পড়ে এক ছাগল। এ যেন ফিল্মি বিশৃঙ্খলার সেরা উদাহরণ!
অক্ষয় কুমার এবার আইনজীবী জলি মিশ্র, আরশাদ ওয়ারসি জলি ত্যাগী চরিত্রে। নামেই বোঝা যাচ্ছে, প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন খরাজ মুখোপাধ্যায়।
ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ। তবে এই যাত্রা এত সহজ ছিল না। শুটিং চলাকালীন আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেতা, প্রযোজক ও পরিচালকরা। অভিযোগ ওঠে, সিনেমায় বিচারক ও আইনজীবীদের খাটো করে দেখানো হয়েছে, এমনকি শুটিং বন্ধের আবেদনও জানানো হয় আদালতে। সব বিতর্ক কাটিয়ে অবশেষে মুক্তির পথে ছবিটি।
সব মিলিয়ে, ‘জলি এলএলবি ৩’ যে হাসি, মজা আর কোর্টরুম কাণ্ডকারখানার দারুণ মিশেল হতে চলেছে, তা বলাই যায়। দর্শক এখন শুধু গুনছে মুক্তির দিন।