নেটিজেনদের একাংশের দাবি, কার্তিক আগে করিনাকে ইনস্টাগ্রামে ফলো করতেন। কিন্তু এই জল্পনা ছড়িয়ে পড়তেই দু’জনের ফলো লিস্টে বদল আসে। একে অপরকে আনফলো করার পরও আলোচনা থামেনি। বরং অনেকের মতে, এই আচরণই নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

শেষ আপডেট: 6 January 2026 15:40
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে প্রত্যাশামতো ফল পাচ্ছে না কার্তিক আরিয়ানের ছবি‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। ‘ধুরন্ধর’-এর দাপটে ছবির ব্যবসা যেমন চাপের মুখে, তেমনই দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াও খুব একটা সুখকর নয়। তবে এই সব হিসেবনিকেশ আপাতত দূরে সরিয়ে রেখে নতুন বছরের শুরুতে ছুটির মুডে কার্তিক আরিয়ান। কাজের ফাঁকে গোয়ায় গিয়ে কয়েকদিনের জন্য রোম্যান্টিক মুডে কার্তিক।
সেখান থেকেই শুরু নয়া জল্পনা। গোয়ার সমুদ্রতট থেকে কার্তিকের একটি ছবি পোস্ট হতেই নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। কে এই নারী? একই বিচ, প্রায় একই জায়গা, একই রকম পোজ় —এই মিল দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন তাঁদের সম্পর্ক নিয়ে। সবটাই কি কাকতাল না কি স্পষ্ট প্রেমের ইঙ্গিত? ধীরে ধীরে সামনে আসে এক নাম—করিনা কুবিলিয়ত।
জানা গিয়েছে, করিনা গ্রিসের বাসিন্দা। বর্তমানে তিনি ইংল্যান্ডে পড়াশোনা করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। তবে যেটা সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে, তা হল তাঁর বয়স। সূত্রের দাবি, করিনার বয়স মাত্র ১৮। এই তথ্য সামনে আসতেই আলোচনার সুর বদলে যায়, বাড়ে কৌতূহলও।
নেটিজেনদের একাংশের দাবি, কার্তিক আগে করিনাকে ইনস্টাগ্রামে ফলো করতেন। কিন্তু এই জল্পনা ছড়িয়ে পড়তেই দু’জনের ফলো লিস্টে বদল আসে। একে অপরকে আনফলো করার পরও আলোচনা থামেনি। বরং অনেকের মতে, এই আচরণই নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
কার্তিক আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন জল্পনা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিক সহঅভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। কখনও অনন্যা পাণ্ডে, কখনও শ্রীলালার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই সব আলোচনা সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়েও গিয়েছে। কোনও সম্পর্কই প্রকাশ্যে স্বীকৃতি পায়নি নায়কের।
প্রসঙ্গত, সদ্য সম্পন্ন হয়েছে কার্তিকের বোনের বিয়ে। একটি কমেডি শোতে এসে সেই বিয়ের অভিজ্ঞতা শেয়ার করে নেন অভিনেতা। হাসতে হাসতে জানান, গোটা আয়োজনের দায়িত্ব ছিল মূলত তাঁর মা ও বোনের কাঁধে। তিনি নাকি অতিথির মতোই ছিলেন। এমনকী বোনের বিয়েতে নাচলেও কোনও পারিশ্রমিক পাননি—এই কথাও মজার ছলে বলেন কার্তিক।
সব মিলিয়ে, একদিকে ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, অন্যদিকে গোয়ার ছুটির ছবিকে ঘিরে নতুন নারী—কার্তিক আরিয়ান এখন নানা আলোচনার কেন্দ্রে। এই জল্পনা আদপে সত্যি কিনা, নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার জল্পনা—সেটাই এখন দেখার।