
শেষ আপডেট: 20 September 2022 15:30
দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের এবারের কফি আড্ডায় আদৌ কি অতিথি হিসাবে শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানকে দেখা যাবে? এমন প্রশ্ন অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই ইতিউতি শোনা যাচ্ছিল। তবে শাহরুখ এখনও না এলেও অবশেষে গৌরীকে (Gauri Khan) করণের উল্টোদিকের কাউচে বসতে দেখা যাবে খুব শিগগিরই। আর সেই 'কফি উইথ করণ' (Koffee With Karan)-এ গিয়ে মেয়ে সুহানা খানকে (Suhana Khan) প্রেম নিয়ে বিশেষ পরামর্শ দিলেন মা তিনি।
পরিচালক-প্রযোজক করণ জোহরের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মেয়েকে ডেটিং নিয়ে টিপস দেন গৌরী। বলেন, 'একসঙ্গে কখনই দু’জনের সঙ্গে ডেট কোরো না।' তাঁর এহেন উত্তর শুনে হেসে লুটোপুটি খান করণ। সম্প্রতি এই পর্বের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই সুহানা প্রসঙ্গে গৌরীর এই মন্তব্যের এক ঝলক দেখা গিয়েছে। এই নতুন পর্বে গৌরীর সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে এবং অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুরও।
প্রসঙ্গত উল্লেখ্য, বছর ঘুরলেই জোয়া আখতারের হাত ধরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ-তনয়া। তার অনেক আগে থেকেই চর্চায় আছেন তিনি। ইডেনের গ্যালারি হোক কিংবা মুম্বইয়ের রাস্তা, সুহানাকে ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে থাকেন পাপারাৎজিরাও। এবার তাঁর প্রেম নিয়ে স্বয়ং গৌরী খানের বিশেষ পরামর্শ যে নেটমাধ্যমে তুমুল চর্চার বিষয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।
মুম্বইয়ের পরিচালকের হাত ধরে মঞ্চে আসছে কাননদেবীর জীবন, নভেম্বরে শো