গওহর খান কড়া ভাষায় জবাব দিলেন সুনীল শেঠিকে। জানালেন, সিজার হোক বা ন্যাচারাল, দুই-ই কষ্টকর ও সমানভাবে বৈধ। গর্ভধারণের অভিজ্ঞতা না-থাকা কোনও মানুষ সন্তানের জন্ম নিয়ে ভুল বার্তা দিতে পারেন না।

গওহর খান ও সুনীল শেঠি।
শেষ আপডেট: 2 June 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সুনীল শেঠির সাম্প্রতিক মন্তব্য ঘিরে চরম ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী গওহর খান। গর্ভবতী অবস্থায় থাকা গওহর নিজের নতুন শো 'MaaaNoranjan'-এর প্রথম পর্বেই আক্ষেপের সুরে বলেন— ‘একজন পুরুষ সেলিব্রিটি, যিনি নিজে কখনও গর্ভধারণ করেননি, এমন একটি সংবেদনশীল বিষয়ে কীভাবে ভুল ধারণা ছড়াতে পারেন!’
সুনীল শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর কন্যা অথিয়া শেঠি সন্তানের জন্ম দেওয়ার সময়ে সিজার করাতে চানন, তিনি নর্মাল ডেলিভারি করার কথাই ভেবেছেন। এই বক্তব্যের বিরোধিতা করে গওহর বলেন, ‘সিজারিয়ানকে অনেকেই ‘সহজ পথ’ বলে মনে করেন— এই ভাবনাটা একেবারে ভুল। সিজার কোনও আরামদায়ক পদ্ধতি নয়।’
তিনি আরও বলেন, 'কোনও পুরুষ, যিনি নিজে কখনও সন্তান ধারণ করেননি, গর্ভবতী অবস্থার কষ্ট বোঝেন না, তিনি কীভাবে বললেন যে সিজার সহজ? আমি চিৎকার করে বলতে চাই— আপনি কীভাবে এমন মন্তব্য করলেন!’
গওহরের মতে, ‘কীভাবে সন্তান প্রসব হবে, সেই পদ্ধতি সবসময় গর্ভবতী মায়ের হাতে থাকে না। কেউ হয়তো নর্মাল ডেলিভারি করে জন্ম দিতে পারেন, আবার কেউ পারেন না। কোনওটাই অস্বাভাবিক নয়। মা ও সন্তানের সুস্থতা সবচেয়ে জরুরি। সিজার বা নর্মাল, দুই-ই বৈধ এবং সম্মানযোগ্য।’
গভীর আবেগে গওহর জানান, প্রথম সন্তান জেহানকে তিনি সিজারিয়ানের মাধ্যমেই জন্ম দিয়েছিলেন। তখনও বহু মানুষ প্রশ্ন করেছিলেন, ‘তোমার নর্মাল ডেলিভারি, নাকি সিজার?’ এসব প্রশ্ন তিনি অনর্থক এবং অনধিকার চর্চা বলেই মনে করেন।
গওহর বলেন, 'যে কোনও ভাবেই হোক, সন্তান তো সন্তানই হয়। মাতৃত্বের অনুভূতি তো একই থাকে। এটা জানার কি এতই দরকার যে, আমি কীভাবে সন্তান প্রসব করেছি? আমি গর্বের সঙ্গেই বলি, সি সেকশন ডেলিভারি করেছি আমি।'