শাহরুখ খান পেলেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। অথচ এই কিংবদন্তিরা কোনও দিনও এই স্বীকৃতি পাননি।

‘আইকনিক’ অভিনেতারা
শেষ আপডেট: 2 August 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ৩৩ বছরের অপেক্ষার অবসান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে তাঁর পারফরম্যান্স মন কেড়েছিল দর্শক-সমালোচক, দুই মহলেই। আর এবার মিলল জাতীয় স্বীকৃতি।
তবে কিং খানের এই সম্মান ঘিরে অভিনন্দন যেমন চলছে, তেমনই নতুন করে আলোচনায় উঠে আসছে বলিউডের সেই সমস্ত ‘আইকনিক’ অভিনেতাদের নাম, যাঁরা আজীবন অসাধারণ পারফর্ম করেও কখনও জাতীয় পুরস্কার পাননি। কে কে রয়েছেন সেই তালিকায়?
রাজেশ খান্না
বলিউডের প্রথম সুপারস্টার বলে যাঁকে অভিহিত করা হয়, সেই রাজেশ খান্না ‘আনন্দ’, ‘হাঁথি মেরে সাথী’, ‘কোরা কাগজ’-এর মতো একাধিক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন। এক সময়ে টানা ১৫টি হিট ছবির রেকর্ড ছিল তাঁর ঝুলিতে। তবুও তাঁর প্রাপ্তির খাতায় নেই জাতীয় পুরস্কারের নাম। বহু সিনেপ্রেমীই একে এখনও ‘অন্যায়’ বলেই মনে করেন।
সুনীল দত্ত
‘মাদার ইন্ডিয়া’, ‘মিলন’, ‘মুঝে জিনে দো’-এর মতো অর্থবহ ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সুনীল দত্ত। একাধিক সামাজিক ও রাজনৈতিক কাজেও যুক্ত ছিলেন তিনি। কিন্তু অভিনেতা হিসেবে জাতীয় স্তরে কোনও স্বীকৃতি পাননি তিনি।
দিলিপ কুমার
‘ট্র্যাজেডি কিং’ নামে পরিচিত দিলিপ কুমার, যাঁর ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘নয়া দৌড়’-এর মতো কালজয়ী সিনেমা আজও ভারতীয় সিনেমার মাইলস্টোন। ২০২১ সালে প্রয়াণের আগে প্রায় এক শতাব্দী ছুঁইছুঁই জীবনে অগণিত সম্মান পেয়েছেন তিনি, কিন্তু জাতীয় পুরস্কার পাননি কখনও। এটি সিনেমা ইতিহাসের অন্যতম বিস্ময় হিসেবেই থেকে যাবে।
ধর্মেন্দ্র
অ্যাকশন ও কমেডি—দুই জঁরাতেই সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকম’-এর মতো ছবি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তাঁর ফ্যান ফলোয়িং আজও কিংবদন্তিতুল্য। কিন্তু তাঁর ঝুলিতেও জাতীয় পুরস্কার নেই।
দেব আনন্দ
স্টাইল আইকন, রোম্যান্টিক হিরো, একই সঙ্গে দার্শনিক দৃষ্টিভঙ্গি—এই তিন মিশেল ঘটেছিল দেব আনন্দের মধ্যে। ‘গাইড’, ‘জুয়েল থিফ’, ‘হম দো নো’র মতো ছবি তাঁকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দেয়। অভিনয়, পরিচালনা, প্রযোজনায় একাধারে দক্ষ ছিলেন তিনি। তবুও কোনও বছরই জাতীয় পুরস্কারের জুরি বোর্ড তাঁর নাম ঘোষণা করেনি।