টলিউডের প্রেমের গল্পে পর্দা আর বাস্তবের দূরত্ব কখন যে মিলিয়ে যায়, তা বোঝা দায়। কখনও ছোট পর্দার সহকর্মী, আবার কখনও বড় পর্দার সহ-অভিনেতা, কাজ করতে করতেই কাছাকাছি আসেন অনেকেই।

সাহেব–সুস্মিতা।
শেষ আপডেট: 17 November 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের প্রেমের গল্পে পর্দা আর বাস্তবের দূরত্ব কখন যে মিলিয়ে যায়, তা বোঝা দায়। কখনও ছোট পর্দার সহকর্মী, আবার কখনও বড় পর্দার সহ-অভিনেতা, কাজ করতে করতেই কাছাকাছি আসেন অনেকেই। দীর্ঘ সেই তালিকায় এবার নতুন সংযোজন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা রায়।
‘কথা’ ধারাবাহিকের সঙ্গে শুরু হওয়া তাঁদের বন্ধুত্বকে ঘিরে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু এতদিন দু’জনেই ছিলেন নীরব। সম্পর্কের গভীরতা ঠিক কতটা— সেই প্রশ্নের উত্তর রেখে দিয়েছিলেন চুপচাপ। তবে কি সাহেবের জন্মদিনেই সেই নীরবতা ভেঙে দিলেন সুস্মিতা?
১৭ নভেম্বর মধ্যরাতে জন্মদিনের শুভেচ্ছায় ভেসে উঠল সোশ্যাল মিডিয়া। আর সেই স্রোতেই নজর কাড়ল একটাই পোস্ট— সুস্মিতা রায়ের হৃদয়ভরা বার্তা।
“শুভ জন্মদিন কিং ভট্টাচার্য, মহাবিশ্ব এবং রাধারানি যেন তোমায় আনন্দ, খুশি, ভালোবাসা দেন… তুমি ভীষণ পজিটিভ… তুমি এমনই থেকো”— লিখলেন অভিনেত্রী। সহকর্মী বা বন্ধুকে উদ্দেশ করে এই শুভেচ্ছা লেখা যায় ঠিকই, কিন্তু পোস্টের শেষ লাইনে এসে বদলে গেল সুর। যেন অন্য এক আবেগের দরজা খুলে ফেললেন তিনি। লিখলেন, “সকলের জীবনে যেন একজন সাহেব ভট্টাচার্য থাকে।”
আবেগ তো সত্যিই বড় অদ্ভুত— চেপে রাখতে গেলেই যেন আরও বেশি করে প্রকাশের পথ খুঁজে নেয়।
ধারাবাহিকের শুটিং থেকেই শুরু হয়েছিল তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন। শো শেষ হয়ে গেলেও একসঙ্গে দেখা যায় দু’জনকে— কখনও ফটোশুট, কখনও অনুষ্ঠান, কখনও নিছক সময় কাটাতে। আর জন্মদিনের দিনেও তার অন্যথা হয়নি। সঙ্গে লাল শাড়িতে সেজে, পাশে কালো শার্টে সাহেব— সদ্য তোলা দু’টি ছবি পোস্ট করলেন সুস্মিতা।
এমন পোস্টে যে প্রেমের সুবাস মিলবে, তা স্বাভাবিক। অনুরাগীরাও তা-ই বলছেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ধরা পড়ে তাঁদের রসায়ন, তাঁদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত। অনেকেই চাইছেন আবার নতুন কোনও ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে ফিরুন তাঁরা। কিন্তু সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই— না সাহেব, না সুস্মিতা। সম্পর্ক নিয়েও নীরবতা বজায় রেখেছেন।
অবশ্য সুস্মিতার অতীত সম্পর্ক নিয়েও আছে টলিউডে আলোচনার ঝড়। দীর্ঘ দিনের সম্পর্ক, এমনকি বাগদান— সবকিছুই নাকি বদলে যায় ‘কথা’র শুটিংয়ের পর। বিচ্ছেদের পরই শুরু হয় সাহেব–সুস্মিতার ঘনিষ্ঠতার গুঞ্জন। কিন্তু সেই আলোচনা কতটা সত্যি? সময় কি সত্যিই নতুন গল্প লিখছে তাঁদের জীবনে? তার উত্তর দিতে পারে সময়।