নায়কদের বর্ধিত ‘এন্টুরাজ’ খরচ, প্রযোজকের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া—এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান তথা প্রযোজক-পরিচালক পহলাজ নিহলানি।

পহলাজ নিহলানি
শেষ আপডেট: 4 July 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: নায়কদের বর্ধিত ‘এন্টুরাজ’ খরচ, প্রযোজকের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া—এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান তথা প্রযোজক-পরিচালক পহলাজ নিহলানি। ইউটিউব চ্যানেল 'Learn From The Legend'-এ কথা বলার সময়, ২০০৩ সালের ছবি 'Talaash: The Hunt Begins'–এর শ্যুটিংয়ের এক ঘটনা শেয়ার করেন তিনি, যেখানে অক্ষয় কুমার জোর করে ছবির নায়িকা হিসেবে করিনা কাপুরের নাম চাপিয়ে দিয়েছিলেন।
পহলাজ বলেন, “আগে প্রযোজক বা পরিচালকই কাস্টিং করতেন। অভিনেতারা সেগুলোতে হস্তক্ষেপ করতেন না। কিন্তু অক্ষয় কুমার প্রথম যে নায়ক আমার সঙ্গে কাস্টিংয়ে হস্তক্ষেপ করেন। ২০০২ সালে তিনি আমাকে বলেন, ‘ছবির শ্যুটিং কালই শুরু করা যাক, টাকা যেটা খুশি দিন, কিন্তু নায়িকা হবেন করিনাই।’”
তিনি আরও জানান, সেই সময় 'তালাশ' ছিল তাঁর সবচেয়ে বড় বাজেটের ছবি—প্রায় ২২ কোটি টাকার প্রকল্প। “আমার কেরিয়ারে কোনও নায়ক এরকম দাবি করেননি। কিন্তু এখন তো অভিনেতারাই সব সিদ্ধান্ত নেন, প্রযোজক যেন একটা কুরিয়ার সার্ভিস মাত্র,” মন্তব্য পহলাজের।
করিনার কাস্টিংয়ের পিছনে কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, “অনেক সময় বয়স বেড়ে গেলে অভিনেতারা চান, তাঁদের চেয়ে অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে, যাতে তাঁদের বয়স কম মনে হয়। সেই সময় প্রথম এরকম শুনেছিলাম। কিন্তু এখন তো অভিনেতারাই পরিচালক থেকে শুরু করে স্ক্রিপ্ট পর্যন্ত ঠিক করে দেন।”
শুধু কাস্টিং নয়, পহলাজের অভিযোগ, বলিউডে এখন অভিনেতাদের বাড়তি চাহিদার চাপেই বাজেট ফুলে উঠছে। “আগে যেখানে একজন লোক থাকত, এখন অভিনেতাদের সঙ্গে দশজন করে লোক ঘোরেন। আগে একটা ভ্যানিটি ভ্যান থাকত, এখন চাই ছ’টা—একটা ব্যায়াম করার জন্য, একটা রান্নাঘরের জন্য, একটা মিটিংয়ের জন্য। লজ্জা করা উচিত এমন অভিনেতাদের,” কড়া ভাষায় মন্তব্য তাঁর।
তিনি বলেন, “আগে শুধু মেকআপ ম্যান থাকত সঙ্গে, এখন আলাদা হেয়ারড্রেসার, কেউ শুধু আয়না ধরে রাখবে—এই সবের জন্য লোক রাখা হয়। কোনও কাজ না করেই দেড় লাখ টাকার বিল আসে। আগে বাড়ির রান্না খেত, এখন চাই ডায়েট ফুড। রাতে চাই মাদক, সকালে চাই হেলদি খাবার।”