
কঙ্গনা রানাওয়াত এবং চিরাগ পাসওয়ান
শেষ আপডেট: 7 June 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা প্রাক্তন সহকর্মী। ২০১১ সালে পর্দায় জুটি বেঁধেছিলেন। কিন্তু সাফল্য মেলেনি। ১৩ বছর বাদে ফের দেখা। তবে এবার কোনও শুটিং ফ্লোরে নয়, একসঙ্গে সংসদের সদস্য হতে চলেছেন কঙ্গনা রানাওয়াত এবং চিরাগ পাসওয়ান। শুক্রবার এনডিএ-র বৈঠকে কঙ্গনার সঙ্গে দেখা হতেই হাত বাড়িয়ে প্রাক্তন সহ-অভিনেতার দিকে এগিয়ে আসেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস পাসওয়ান)-র নেতা চিরাগ পাসওয়ান।
হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে কঙ্গনা জেতার পর তাঁকে ‘দাপুটে এবং সাহসী নেত্রী’ বলে শুভেচ্ছাও জানিয়েছেন চিরাগ। এবার সংসদে প্রথমবার দেখা হতেই অভিনেত্রীকে কাছে টেনে নিলেন তিনি। দুজনের মুখেই হাসি ঝরে পড়ছিল। সৌজন্য বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাও হয়।
কঙ্গনা-চিরাগ দীর্ঘদিন ধরেই একে-অপরকে চেনেন। ‘মিলে না মিলে হাম’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। প্রায় এক দশক আগের এই ছবিটি নজর কাড়তে পারেনি দর্শকের। ভরাডুবি হয় বক্স অফিসেও। এরপর কঙ্গনা বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও রাজনীতিতে পা দেন চিরাগ। বর্তমানে লোক জনশক্তি দলের সাংসদ তিনি।
#WATCH | #LJP (Ram Vilas) chief @iChiragPaswan greeted #BJP MP-elect @KanganaTeam ahead of the #NDA Parliamentary party meeting in Parliament premises today
— Hindustan Times (@htTweets) June 7, 2024
Track LIVE updates https://t.co/vP3N1p1V0G
????ANI pic.twitter.com/g954ubd3Dw
চব্বিশের লোকসভা ভোটে প্রায় ৭৪ হাজার ৭৫৫ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) সভাপতি চিরাগ পাসওয়ান দাঁড়িয়েছিলেন বিহারের হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে। আরজেডি দলের প্রতিপক্ষকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটে হারিয়ে সাংসদ পদ ছিনিয়ে নিয়েছেন তিনি। একদিকে যখন নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করতে চলেছেন কঙ্গনা, তখন তৃতীয়বার সাংসদ হিসেবে শপথ নেবেন চিরাগ। এবার রাজনীতির ময়দানে একসঙ্গে তাঁরা। এনডিএ জোটে এক ছাদের তলায় সেই পর্দার জুটি।
বৃহস্পতিবারই কঙ্গনা রানাওয়াতকে এক সিএসএফ জওয়ানের চড় মারার অভিযোগ ওঠে। চণ্ডীগড় থেকে দিল্লির আসার সময়ে হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। দিল্লিতে নেমেও চড় কাণ্ড তাঁর পিছু ছাড়েনি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিমানবন্দরে নামতেই মাণ্ডির নবনির্বাচিত ‘কুইন’কে প্রায় ছেঁকে ধরেছিলেন সকলে। সাংসদ নির্বাচিত হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না কঙ্গনা রানাওয়াতের।