গোটা ট্রিপ মনের মতো করে কাটালেও শেষে এসে বিপত্তি। গত ১২ দিনে পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই। বর্তমানে যুদ্ধের আবহে বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আকাশ পথ। ফলে প্যারিসে এসে আটকে গেলেন তাঁরা।

শেষ আপডেট: 2 March 2026 17:21
জয়িতা চন্দ্র
দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা ছিল প্রেমদিবসে বিদেশ সফর। বরাবরই ঘুরতে যেতে পছন্দ করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। তাই বছরে একটা বড় ট্রিপ কার্টে থাকা চাই এই জুটির। আর সেই প্ল্যান মতোই ১৮ ফেব্রুয়ারি তাঁরা রওনা দিয়েছিলেন বিদেশ সফরে। কথা ছিল ১ মার্চ দেশে ফিরে আসবেন। গন্তব্য ফিনল্যান্ড আর নরওয়ে।
গোটা ট্রিপ মনের মতো করে কাটালেও শেষে এসে বিপত্তি। গত ১২ দিনে পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই। বর্তমানে যুদ্ধের আবহে বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আকাশ পথ। ফলে প্যারিসে এসে আটকে গেলেন তাঁরা।
খবর পাওয়া মাত্রই সন্দীপ্তার সঙ্গে দ্য ওয়াল-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ‘গতকালই (১ মার্চ) আমাদের ফেরার কথা ছিল। ঘুরতে এসেছিলাম ফিনল্যান্ড আর নরওয়ে, আটকে গেলাম প্যারিসে। আমাদের শেষ মুহূর্তে জানানো হল বিমান বাতিল। তবে ইতিহাদ থেকে আগামী ৫ মার্চ টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগামী ২ দিনে পরিস্থিতি স্বাভাবিক হলে এই রিশিডিউল বিমানেই ফেরা। নয়তো বুঝতে পারছি না, কবে ফেরা হবে। আমার কাজ রয়েছে, সৌম্যর কাজ রয়েছে, এই পরিস্থিতিতে অন্য কোনও রুটের টিকিটও পাচ্ছি না। ফলে এখানে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।’
এই পরিস্থিতিতে বেজায় চিন্তায় রয়েছেন তাঁরা। সন্দীপ্তার কথায়, ‘সত্যি বেশ চিন্তা হচ্ছে। এইভাবে প্যারিসে কোনও পরিকল্পনা ছাড়া থেকে যাওয়া একদিকে যেমন খরচের বিষয়, অন্যদিকে তেমনই হাতে থাকা কাজ ভাবাচ্ছে। একে একে সব কাজ স্থগিত রাখতে হচ্ছে। নতুন ডেট দেওয়াও সম্ভবপর হচ্ছে না, কারণ বুঝে উঠতে পারছি না, সঠিক কবে ফিরতে পারব। তবে আমরা ভাল আছি। নিরাপদে আছি।’
পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ রয়েছে। প্যারিস বেশ নিরাপদ, তাই সেদিক থেকে কোনও চিন্তা না থাকলেও দ্রুত দেশে ফেরা, কাজে ফেরার বিষয়গুলো বেশ ভাবাচ্ছে তাঁদের।