ঘড়ি ধরে দুপুর ২টোয় শুরু হয় বৈঠক। উপস্থিত ছিলেন পরিচালক সুব্রত সেন, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, বিদুলা ভট্টাচার্য, কিংশুক দে প্রমুখ।
.jpeg.webp)
কী হল বৈঠকে?
শেষ আপডেট: 1 August 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিচালকদের সমস্যা যেন আলোচনার মাধ্যমে মেটানো হয়। ফেডারেশন সভাপতির সঙ্গে বসুন পরিচালকেরা। কিন্তু সেই সময় তেমন কিছু হয়নি। বরং সময়ের সঙ্গে পরিস্থিতি জটিল হয়েছে আরও। শেষ পর্যন্ত হাই কোর্টের নির্দেশেই মুখোমুখি বসতে হল দুই পক্ষকে।
শুক্রবার, কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত হয় সেই বহুপ্রতীক্ষিত বৈঠক। একদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, অন্যদিকে ফেডারেশনের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়া ১৩ জন পরিচালক। টানা দু’ঘণ্টার ওই বৈঠকের মূল সঞ্চালক ছিলেন তথ্য ও সম্প্রচার দফতরের সচিব শান্তনু বসু ঠাকুর।
ঘড়ি ধরে দুপুর ২টোয় শুরু হয় বৈঠক। উপস্থিত ছিলেন পরিচালক সুব্রত সেন, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, বিদুলা ভট্টাচার্য, কিংশুক দে প্রমুখ। ফেডারেশনপক্ষেও ছিলেন পরিচালক অরিন্দম শীল, রাহুল মুখোপাধ্যায়, সৃজিত রায়, অয়ন সেনগুপ্তের মতো মুখ। দু’পক্ষই জানিয়েছেন, আলোচনা “সন্তোষজনক”। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কেউ মুখ খোলেননি—বিষয়টি যেহেতু এখনও বিচারাধীন।
দ্য ওয়ালকে পরিচালক সুদেষ্ণা রায় বলেন, "আলোচনায় উঠে আসা উভয় পক্ষের বক্তব্য দু’পক্ষ লিখিত ভাবে সচিব শান্তনুকে জমা দেবেন। তা থেকে রিপোর্ট তৈরি করে বিচারপতি অমৃতা সিংহের কাছে জমা দেবেন তিনি। তবে বেশ সদর্থক আলোচনা হয়েছে।"
প্রসঙ্গত, এই মামলার পরবর্তী শুনানি ১১ অগস্ট। ওই দিনেই বিচারপতি অমৃতা সিংহ এই রিপোর্টের ভিত্তিতে রায় দেবেন। তবে এই আলোচনার ফলে মামলা উঠে যাবে কি না, সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলতেই সুদেষ্ণা জানান, এ নিয়ে আজ কোনও কথা হয়নি।