
ফাওয়াদ খান
শেষ আপডেট: 21 July 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: আট বছর আগে ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে শেষ বার দেখা গেছিল। এরপর আর বলিউডে অভিনয় করেননি ফাওয়াদ খান। ভারতে নিষিদ্ধ হন পাকিস্তানি অভিনেতা। মন ভেঙে যায় এদেশের অনুরাগীদের। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে, রোমান্টিক-কমেডি ঘরানার একটি ছবিতে তাঁকে নাকি বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে। এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা।
বি টাউন সূত্রের খবর, বলিউডের এই ছবি পরিচালনা করছেন আরতী বাগড়ি। ছবিতে নাকি ফাওয়াদকে এক রন্ধনশিল্পীর চরিত্রে দেখা যাবে। ইংল্যান্ডে থাকেন ওই শেফ। কীভাবে ভাগ্যের ফেরে মনভাঙা দু'জন মানুষের দেখা হয় সেই নিয়েই এগোবে গল্প। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু। শেষ হবে নভেম্বরে। ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বলিউডে ফাওয়াদের কামব্যাক ছবির শুটিং অবশ্য ভারতে হয়নি। দুবাই ও লন্ডনেই হয়েছে গোটা শুটিং পর্ব।
ফাওয়ান বলেন, "বলিউডে আমার কামব্যাক করার ছবি নিয়ে এখনই কিছু মন্তব্য করা ঠিক হবে না। সবই সময় বলবে। তবে এটুকু বলতে পারি, কথাবার্তা চলছে। একটা কিছু হবেই! খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। তারপরই আসবে!" যদিও বাণীর চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি।
দীর্ঘদিন ধরে ভারতীয় দর্শকদের থেকে দূরে থাকার জন্য ক্ষমাও চেয়েছেন ফাওয়াদ। আক্ষেপের সুরে অভিনেতা জানান, সব পরিস্থিতি সবসময় শিল্পীদের নিয়ন্ত্রণে থাকে না। তবে এই দীর্ঘ সময় ধরে ভারতীয় দর্শক তাঁকে পর্দায় দেখার জন্য যে অপেক্ষা করেছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান তিনি।
বলিউডে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করে এদেশে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ফওয়াদ খান। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। করণ জোহার কিংবা কপুর পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয়।
পুলওয়ামা হামলার পর পাকিস্তানি অভিনেতাদের এদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যে কারণে তাঁরা ভারতে আর কাজের সুযোগ পাননি। তবে গত নভেম্বরেই পাক শিল্পীদের উপর থেকে নিষিদ্ধের খাঁড়া তুলে নেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।