লস অ্যাঞ্জেলেসে ‘রামায়ণ’ ইভেন্টে রণবীর কাপুরকে ভুল করে ‘ধুরন্ধর ২’-এর শুভেচ্ছা জানালেন ভক্ত। দুই রণবীরকে ঘিরে ভাইরাল মজার ঘটনা।

রণবীর কাপুর
শেষ আপডেট: 3 April 2026 12:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই রণবীরকে নিয়ে বর্তমানে সরগরম টিনসেল টাউন। একদিকে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে সুনামিতে পরিণত হয়েছে, অন্যদিকে ‘রামায়ণ’ নিয়ে বিশ্বমঞ্চে ঝড় তুলছেন রণবীর কাপুর (Ranbir Kapoor Dhurandhar confusion)। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে এই দুই তারকাকে নিয়েই তৈরি হলো এক মজাদার পরিস্থিতি।
নিজের আগামী মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর ইভেন্টে লস অ্যাঞ্জেলেসে হাজির ছিলেন রণবীর কাপুর। সেখানে এক অনুরাগী মজার ছলে রণবীর কাপুরকে ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের জন্য অভিনন্দন জানান। মুহূর্তের জন্য অপ্রস্তুত কাপুর ঘাড় নেড়ে সংশোধন করে বলেন, “না না, ওটা অন্য রণবীর (সিং)!” পাশেই ছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি; তিনি হেসেই খুন। পরে রণবীর বুঝতে পারেন এটি আসলে একটি নিছক মস্করা ছিল। আদতে নীতেশ তিওয়ারিরই পরিচালিত ‘ড্রিম ১১’-এর একটি বিজ্ঞাপনে আমির খান যেভাবে রণবীর কাপুরকে ‘রণবীর সিং’ বলে ডাকতেন, সেই মজাটাই ফিরে এলো বিদেশের মাটিতে।
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মাত্র ১৫ দিনেই বক্স অফিসে ৯৩৭ কোটি টাকা কামিয়ে ইতিহাস গড়েছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলারে জাসকিরাত সিং রঙ্গীর ‘হামজা আলি মাজারি’ হয়ে ওঠার অরিজিন স্টোরি দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। করাচির আন্ডারওয়ার্ল্ডে অনুপ্রবেশ এবং ভারতের বিরুদ্ধে চলা নাশকতামূলক ষড়যন্ত্র নস্যাৎ করার এই লড়াইয়ে রণবীর সিংয়ের পাশাপাশি অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও মাধবনের অভিনয় ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতের চার ভাষায় ছবিটি সমান দাপট দেখাচ্ছে।
সিনেমার রেশ এখন আইপিএলের মাঠেও। সম্প্রতি সূর্যকুমার যাদব মজার ছলে জাসপ্রিত বুমরাহকে সিনেমার সংলাপ ধার করে বলেন, “ঘর কি ইয়াদ নেহি আয়ি তুঝে, জাসি?”, যা নিমেষেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পেশাদার জীবনে দুই রণবীরের মধ্যে টক্কর থাকলেও ব্যক্তিগত রসায়ন কিন্তু বেশ অম্লান। দীপিকা পাড়ুকোনের বর্তমান ও প্রাক্তন, উভয় রণবীরের মধ্যেই পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রয়েছে।
একদিকে যখন ‘ধুরন্ধর’ হয়ে রণবীর সিং পর্দা কাঁপাচ্ছেন, অন্যদিকে ‘রাম’ রূপে রণবীর কাপুরও নিজেকে তৈরি করছেন বিশ্বমঞ্চের জন্য। দুই তারকার এই সুস্থ প্রতিযোগিতা এখন বিনোদন দুনিয়ার সেরা আকর্ষণ।