
শেষ আপডেট: 1 August 2019 10:32
মডেল হতে মুম্বই এসেছিলেন রোহমান। সেখানেই শ্যুটিং ফ্লোরে আলাপ হয় সুস্মিতার সঙ্গে। তারপর ভালো বন্ধুত্ব থেকে গাঢ় প্রেম। সুস্মিতার কাছের লোক থেকে বাড়ির একজন হতে বেশিদিন সময় লাগেনি রোহমানের। প্রাক্তন মিস ইউনিভার্সের দুই মেয়ের সঙ্গেও দারুণ ভাব এই তরুণ মডেলের। তবে প্রথম দিকে জমিয়ে প্রেম করলেও প্রকাশ্যে তা স্বীকার করতে চাননি দুই তারকার কেউই। পরে অবশ্য ঘটা করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা সবাইকে জানান সুস্মিতা-রোহমান।
এরপর থেকেই বারবার সুস্মিতার বিয়ে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কবে সুস্মিতা বিয়ে করবেন তা জানতে উৎসাহী ছিল বলিউড। তবে সুস্মিতা কিংবা রোহমান, কেউই নিজেদের বিয়ের নিয়ে কোনও কথাই বলেননি। তবে তারকার বিয়ে বলে কথা। হোক না প্রাক্তন মিস ইউনিভার্স। জল্পনা তো হবেই। তায় আবার বরাবর বড্ড সাহসী হিসেবেই পরিচিত সুস্মিতা। বিয়ে না করেও দুই দত্তক কন্যার গর্বিত মা তিনি। এর আগে যে কটা সম্পর্কে জড়িয়েছেন, কোনওটা নিয়েই লুকোছাপা করেননি। তাই ১২ বছরের ছোট রোহমানের সঙ্গে কবে সুস্মিতা গাঁটছড়া বাঁধবেন আপাতত সে দিকেই নজর সুস্মিতার ফ্যানেদের।