ফেলুদা রূপে হাজির টোটা, প্রকাশ্যে 'ফেলুদা ফেরত'-এর নতুন লুক
দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজে আসছেন ফেলু মিত্তির। সত্যজিৎ রায়ের এই অন্যন্য সৃষ্টিকে এবার ওয়েব সিরিজে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিছুদিন আগেই পরিচালক জানিয়েছিলেন ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরীর কথাই ভেবেছেন তিনি। তারপর থেকেই দর্শক
শেষ আপডেট: 31 December 2019 09:15
দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজে আসছেন ফেলু মিত্তির। সত্যজিৎ রায়ের এই অন্যন্য সৃষ্টিকে এবার ওয়েব সিরিজে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিছুদিন আগেই পরিচালক জানিয়েছিলেন ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরীর কথাই ভেবেছেন তিনি। তারপর থেকেই দর্শক মহলে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ফেলুদার লুকে টোটাকে কেমন মানাবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা।
অবশেষে বছরের শেষদিনে প্রকাশ পেল ফেলুদা রূপে টোটা রায়চৌধুরীর নয়া লুক। নয়া অবতারে টোটাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই বলছেন, "বইয়ের পাতায় ফেলুদাকে যেমন ভাবে এঁকেছিলেন সত্যজিৎ রায়, হুবহু তাঁর সঙ্গে মিল রয়েছে টোটার। সেই কোট, কালো প্যান্ট, গলায় মাফলার সব মিলিয়ে পারফেক্ট।" এর আগে অবশ্য ‘টিনটোরেটোর যীশু’ ছবিতে সন্দীপ রায়ের পরিচালনায় অভিনয় করেছেন টোটা। তবে গোয়েন্দা প্রদোষ মিত্র নয়, অন্য এক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটাকে।

ফেলু মিত্তির যেমন ১০০ তে ১০০ পেয়েছেন, তেমনই প্রশংসা হচ্ছে জটায়ুরও। অনির্বাণ চক্রবর্তী রয়েছেন জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলির চরিত্রে। ইতিমধ্যেই ওয়েব সিরিজ 'একেনবাবু'-র দৌলতে বিখ্যাত অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। লালমোহনবাবুর চরিত্রে অনির্বাণ কেমন অভিনয় করেন সেটাই এখন দেখার।
ফেলুদা সিরিজের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তোপসের কাস্টিংয়ে চমক দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'-এ তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র। বিজ্ঞাপন জগতের এবং থিয়েটারের পরিচিত মুখ কল্পন। তবে পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। তোপসের চরিত্রে কল্পন কেমন অভিনয় করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফেলুদার ভক্তরা।

'ছিন্নমস্তার অভিশাপ' আর 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে'----এই দুই গল্প নিয়েই ওয়েব সিরিজে আসতে চলেছে 'ফেলুদা ফেরত'। শ্যুটিং শুরু হয়েছে উত্তরবঙ্গে। শ্যুটিং স্পটেই তোলা একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক। মুহূর্তেই তা হয় ভাইরাল। শহর জুড়ে শীতের আমেজের মাঝে ফেলুদার চরিত্র যেন নতুন করে উষ্ণতা ছড়িয়ে দিল, তেমনটাই বলছেন নেটিজেনরা।