দ্য ওয়াল ব্যুরোঃ প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল থেকেই সর্বোচ্চ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। অগস্ট মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। তারপর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। প্রায় ২ মাস ধরে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে ভর্তি ছিলেন তিনি। আজ সেখানেই মৃত্যু হয় সঙ্গীতশিল্পীর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন লতা মঙ্গেশকর থেকে শুরু করে এ আর রহমানরা।
বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের সঙ্গে অনেক গান গেয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যম। তাই এদিন তিনি টুইট করে বলেন, “প্রতিভাশালী গায়ক, মধুরভাষী, খুবই ভাল মানুষ এসপি বালাসুব্রহ্মণ্যমের মৃত্যুর খবরে আমি খুবই আঘাত পেয়েছি। আমরা অনেক গান গেয়েছি, অনেক শো করেছি। সব কথা মনে পড়ছে। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা।”
https://twitter.com/mangeshkarlata/status/1309406640123383808?s=19
টুইট করেছেন এসপি বালাসুব্রহ্মণ্যমের খুব স্নেহের পাত্রর সলমন খান। সলমনের একাধিক ছবিতে গান পেয়েছেন এসপি। তার মধ্যে ম্যায়নে পিয়ার কিয়া-র গান তো এখনও সবার কানে বাজে। সলমন টুইট করে বলেন, “এসপি বালাসুব্রহ্মণ্যম স্যারের খবর শুনে শোকাহত। আপনি আপনার গানের মাধ্যমে চিরকাল সবার মনের মধ্যে থাকবেন। ওনার পরিবারকে সমবেদনা।”
https://twitter.com/BeingSalmanKhan/status/1309423411664355329?s=19
দক্ষিণের সবথেকে বড় সুপারস্টার রজনীকান্ত আবার একটি ভিডিও বার্তায় নিজের শ্রদ্ধা জানিয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যমকে। সেখানে তিনি নিজেদের মধ্যে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা তুলে ধরেন। ক্যাপশনে তিনি বলেন, “শান্তিতে থাকুন বালু স্যার। অনেক বছর ধরে আপনি আমার আওয়াজ ছিলেন। আমার মনের মধ্যে আপনার স্মৃতি সারাজীবন থেকে যাবে। আমি আপনাকে খুব মিস করব।”
https://twitter.com/rajinikanth/status/1309425134734778369?s=19
এদিন হাসপাতালে গিয়েছিলেন দক্ষিণী ছবির আর এক সুপারস্টার কমল হাসান। তারপরে টুইট করে তিনি বলেন, “নিজের গলার মাধ্যমে বহুদিন বেঁচে থাকেন এসপি বালাসুব্রহ্মণ্যম। সাত প্রজন্ম ধরে সম্মানের সঙ্গে থাকবেন তিনি।” সঙ্গে একটি ভিডিওতে দুজনের বেশ কিছু মহূর্তের ছবি তুলে ধরেছেন তিনি।
https://twitter.com/ikamalhaasan/status/1309406422392659968?s=19
একই রকম ভাবে একটি ভিডিও বার্তায় নিজের শ্রদ্ধা তুলে ধরেছেন বলিউডের আর এক বিখ্যাত সুরকার এ আর রহমান। ক্যাপশনে তিনি লিখেছেন, “জয়, ভালবাসা, আনন্দ ও শ্রদ্ধার গলা।” সেইসঙ্গে একটি সুন্দর ভিডিও তুলে ধরেছেন তিনি।
https://twitter.com/arrahman/status/1309435203576762368?s=20
এছাড়াও আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে দক্ষিণ ভারতের প্রায় সব তারকা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তি সুরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়কেও দেখা গিয়েছে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যমকে।