দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক আসছে একথা ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই। জানা গিয়েছিল, মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবির নাম 'শাবাস মিঠু'। এবার রিলিজ হলো ছবির পোস্টার। ব্যাকগ্রাউন্ডে ভরা গ্যালারি, ময়দানে ব্যাট হাতে দেখা গিয়েছে তাপসীকে।
ভারতীয় পুরুষদের ক্রিকেট দলের তিন প্রাক্তন অধিনায়ক শচীন তেণ্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ইতিমধ্যেই দেখে ফেলেছেন ক্রিকেট অনুরাগীরা। প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বায়োপিকও আসছে বড় পর্দায়। সেই দলে ঢুকে পড়লেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বায়োপিক হচ্ছে মিতালির।
https://twitter.com/taapsee/status/1222398323165814784
এর আগে ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময় এক সাংবাদিক মিতালি রাজকে প্রশ্ন করেছিলেন, "আপনার প্রিয় পুরুষ ক্রিকেটার কে?" সাংবাদিকের প্রশ্নের বদলে মিতালির জবাব তৈরি করেছিল মাইলস্টোন। মিতালি বলেছিলেন, "একজন পুরুষ ক্রিকেটারকে কি আপনি জিজ্ঞেস করতে পারবে তাঁর পছন্দের মহিলা ক্রিকেটার কে?" ক্রীড়া সাংবাদিক অ্যাডাম কলিনস টুইট করে জানিয়েছিলেন সেকথা।
https://twitter.com/M_Raj03/status/1222407614996217856
এদিন নিজের ছবির পোস্টার টুইটারে শেয়ার করতে গিয়ে ফের সেদিনের কথা মনে করিয়ে দিয়েছেন তাপসী। তিনি লিখেছেন, "আমায় (পড়ুন মিতালি) সবসময় জিজ্ঞেস করা হয় আমার পছন্দের পুরুষ ক্রিকেটার কে? তার বদলে বরং ছেলেদের তাঁদের পছন্দের মহিলা ক্রিকেটারের নাম জিজ্ঞেস করা উচিত।" এরপরেই মিতালির উদ্দেশে তাপসী লিখেছেন, "আপনি গেম চেঞ্জার। এই একটা মন্তব্য সব ক্রিকেটপ্রেমীদের একটা কথা ভাবতে বাধ্য করেছিল যে তাঁরা আদৌ খেলাটা ভালবাসেন, নাকি যাঁরা খেলছেন তাঁদের লিঙ্গ নিয়েই যত মাথাব্যথা।"
নিজের বায়োপিকে পোস্টার দেখে উচ্ছ্বসিত মিতালি নিজেও। তাপসীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, "আমার জীবনের গল্প তুমি বড় পর্দায় নিয়ে আসছ। দেখার জন্য মুখিয়ে রয়েছি আমি।"